প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার

বাসস, ঢাকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান।

প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, প্রোটোকল অফিসার-২ এসএম খুরশীদ-উল-আলম এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই আলম সরকার আজ সকালে উপহার সামগ্রী তাদের কাছে হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কর্মকর্তারা কোভিড-১৯ মহামারি থেকে দেশবাসীকে রক্ষা ও এ সংকট থেকে আশু উত্তরণের জন্য সবার দোয়া প্রার্থনা করেন। মুক্তিযাদ্ধাদের পক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি জাতীয় দিবস বিশেষ করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো উৎসবগুলোতে তাদেরকে স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।