টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ ৩ চোরাকারবারি আটক
কক্সবাজারের টেকনাফে দুইটি পৃথক অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
আজ রোববার কোস্টগার্ড সদর দপ্তরের গোয়েন্দা শাখার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম. হায়াত ইবনে ছিদ্দিক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত ৯ টায় কোস্টগার্ড টেকনাফ স্টেশনের একটি দল নাফ নদীর কেয়ারী ঘাট এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা বহনকারী মোহাম্মদ ওসমানকে (২২) আটক করা হয়।
একই দিন সন্ধ্যা সাত টার দিকে টেকনাফ স্টেশন কোস্টগার্ডের অস্থায়ী চেকপোস্টের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোহাম্মদ আব্দুর রহিম (৩২) ও মো. ইসমাইল (২২) নামে দুজনকে আটক করা হয়।
আটক তিনজন ইয়াবা চোরাকারবারি ও উদ্ধারকৃত ১৪ হাজার পিস ইয়াবা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘ইয়াবা জব্দের ঘটনায় টেকনাফ থানায় দুইটি মামলা দায়ের করেছে কোস্টগার্ড। আটককৃতদের টেকনাফ উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।’