করোনায় পুলিশে মৃত্যু বেড়ে ১৯

স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কনস্টেবলের মৃত্যুর মধ্য দিয়ে বাহিনীটিতে মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে হলো ১৯।

পুলিশ সদর দপ্তরের আজ সোমবারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আজ দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেন নামের একজন মারা যান। ডিএমপির রমনা বিভাগের হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি।

আলমগীরের বাড়ি ফরিদপুর জেলায়। পরিবারে তার স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে।

এর আগে ১৭ জন পুলিশ সদস্য ও পুলিশের এক সিভিল কর্মী করোনায় মারা গেছেন বলে বিবৃতিতে জানানো হয়।