ভোলায় বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, ভোলা

ভোলার ভোলা-ইলিশা সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন।

ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আজ সকাল ১০টায় ভোলা-ইলিশা সড়কের কাচারিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। নিহত ও আহতরা সিএনজির যাত্রী।’

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী নিহতরা হলেন- মেহেন্দীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের জয় সিকদার এবং একই উপজেলার সুগনাকাঠী গ্রামের মোজাহারুল ইসলাম।

স্থানীয়রা জানান, যাত্রীবাসী বাসটি চরফ্যাশন থেকে ইলিশা ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে ব্যারিস্টারের কাচারি এলাকায় এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।