ভারতে না গিয়েও যশোরে ৮ জনের করোনার ভারতীয় ধরন শনাক্ত
যশোরে আট জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে নমুনা পরীক্ষায় এ বিষয়টি শনাক্ত হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ।
তিনি জানান, শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কেউ ভারত থেকে আসেননি। ভারতে যাওয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের মধ্যে সাত জন পুরুষ ও একজন নারী। সবার বয়স ৫৬ বছরের নিচে।
আব্দুর রশিদ বলেন, ‘সোমবার জেনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের নেতৃত্বে একদল গবেষক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত করেন। ইতোমধ্যে ভারতীয় ধরন শনাক্তের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, যশোরের স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।’
সূত্র জানায়, গত ২৯ মে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চার জন, যশোর জেনারেল হাসপাতাল থেকে তিন জন এবং ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অপর একজনের নমুনা যবিপ্রবি’র ল্যাবে পাঠানো হয়।
সম্প্রতি যশোর জেলায় ভারতফেরত ব্যক্তিরা কোয়ারেন্টিনে থাকার পর করোনা পজিটিভ হওয়ার হার গড়ে ১০ থেকে ১৯ শতাংশে উন্নীত হওয়ায় স্থানীয় সংক্রমণ হয়েছে কি না, সেটি জানার জন্য স্থানীয় ৩৬ জনের নমুনা সিকোয়েন্সিং করে এই ৮ জনের ভারতীয় ধরন শনাক্ত করা হয়।
যবিপ্রবির গবেষক দলটি জানায়, গত ৮ মে যবিপ্রবির ল্যাবে প্রথম দুজন করোনা রোগীর নমুনায় ভারতীয় এ ধরন শনাক্ত করা হয়। যাশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ভারতফেরত ৫৫০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের শরীরে করোনা পজিটিভ পায়। ভারতফেরত রোগীদের মধ্যে ৭ জনের শরীরে ভারতীয় ভেরিয়্যান্ট বি.১.৬১৭ পাওয়া গেছে। এদের মধ্যে ২ জন করোনা পজিটিভ হয়েই দেশে আসেন।
যবিপ্রবির ল্যাবে এ পর্যন্ত ভারতফেরত, স্থানীয়সহ ১৫ জনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত করা হলো।
সীমান্তবর্তী জেলাগুলোর লোকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদানের আওতায় আনার সুপারিশ করছে গবেষক দলটি।
গবেষক দলটি ভারত থেকে আসা সবাইকে করোনা নেগেটিভ না হওয়া পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রেখে পরীক্ষা করার সুপারিশ করেছে। ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ, বাণিজ্যিক বা অন্য কোনো কারণে চালক ও সহকারীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও পরীক্ষা করার প্রয়োজন বলে জানিয়েছে তারা।
জিনোম সেন্টারে ভারতীয় ধরন শনাক্তকরণের গবেষক দলের অন্য সদস্যরা হলেন ড. তানভীর ইসলাম, ড. হাসান মোহাম্মদ আল-ইমরান, অভিনু কিবরিয়া ইসলাম, শোভনলাল সরকার, এ এস এম রুবাইয়াত-উল-আলম ও মো. সাজিদ হাসান প্রমুখ।