ঝিনাইদহে ভারত থেকে অবৈধভাবে আসা ১২ জন আটক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার সকালে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী জলুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় দুই জন পুরুষ, পাঁচ নারী ও পাঁচ শিশুকে আটক করা হয়। তাদের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার জামরীলডাঙ্গা গ্রামে।

এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।