রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে সাত জন করোনা পজিটিভ এবং আট জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ শুক্রবার রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া সাত জনের মধ্যে চার জন রাজশাহী, দুই জন চাঁপাইনবাবগঞ্জ ও একজন নাটোরের। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া আট জনের মধ্যে চার জন রাজশাহীর ও চার জন চাঁপাইনবাবগঞ্জের।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪৩ জন। মোট এখন ২৯৭ জন রোগী হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন।
২৪ ঘণ্টায় শনাক্ত
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৭৩টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত ১৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ৩৪ শতাংশ। নাটোরে ৭৩টি নমুনা পরীক্ষা করে ৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৬০ দশমিক ২৭ শতাংশ। নওগাঁয় ৪২টি নমুনা পরীক্ষা করে ২১ জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৫০ শতাংশ। আর চাঁপাইনবাবগঞ্জে ৭৪টি নমুনা পরীক্ষা করে ২৯ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৯ দশমিক ১৯ শতাংশ।