মোস্তাফিজকে বাদ দেওয়া ‘দুর্ভাগ্যজনক’, বললেন আইপিএল চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক

ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বিতর্কিতভাবে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল। পুরো বিষয়টিকে তিনি ‘দুর্ভাগ্যজনক’ হিসেবে অভিহিত করেছেন।

বাংলাদেশের এই বাঁহাতি পেসারের আইপিএলের চলমান আসরে অংশ নিতে না পারার ব্যাপারে বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে ধুমাল বলেছেন, ‘আমি কেবল এটুকুই বলব যে, এটি দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার খুব বেশি কিছু জানা নেই।’

ক্রিকেটের ওপর বারবার রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে, বিশেষ করে ২০০৯ সাল থেকে আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের অনুপস্থিতি এবং ২০২৬ সালের জানুয়ারিতে উগ্রবাদীদের হুমকিতে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর কর্তৃক মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার প্রসঙ্গ তোলা হলে ধুমাল একটি স্থিতিশীল ভবিষ্যতের আশা প্রকাশ করেছেন, ‘মাঝে মাঝে যেভাবে ঘটনাগুলো ঘটে, আমি বলব সেটি দুর্ভাগ্যজনক। আমি মনে করি না যে, ক্রিকেট পরিচালনার দৈনন্দিন কার্যক্রমে ভারত সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা আছে। সরকার সামগ্রিকভাবে ক্রিকেটের প্রতি সমর্থনশীল। তবে হ্যাঁ, মাঝেমধ্যে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে এবং তার প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত যে, শুভ বুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির আর সৃষ্টি হবে না।’

আইপিএল প্রধান জোর দিয়ে আরও বলেছেন, প্রশাসকদের উচিত খেলার বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়া, ‘শেষ পর্যন্ত আপনাকে খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে, কারণ রাজনীতি পরিবর্তনশীল। কোনো এক সময়ে কিছু একটা ঘটতে পারে এবং ছয় মাস পর দেখা যেতে পারে, পুরো পৃথিবীই বদলে গেছে। সেখানে নির্বাচন থাকে, চাপ থাকে, নানা ঘটনা থাকে।’

তিনি যোগ করেছেন, ‘প্রশাসক হিসেবে আমাদের রাজনীতির ভেতরে না ঢুকে ক্রিকেটের বৃহত্তর চিত্র এবং এর স্বার্থ মাথায় রাখতে হবে। একই সঙ্গে আমরাও একটি বৃহত্তর কাঠামোর অংশ। যদি সরকার কোনো সিদ্ধান্ত নেয়, তবে সেটিই চূড়ান্ত। যে কোনো ক্রীড়া প্রশাসকের চেয়ে তাদের দৃষ্টিভঙ্গি আরও ব্যাপক ও সামগ্রিক হবে। আমাদের জন্য খেলার স্বার্থ রক্ষা করাই মূল লক্ষ্য হওয়া উচিত।’

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা, যা ছিল আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের পাওয়া সর্বোচ্চ মূল্য। তবে পরবর্তীতে ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনার জেরে বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র‍্যাঞ্চাইজিটি।

মোস্তাফিজ বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কড়া প্রতিবাদ জানায় এবং সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ম্যাচগুলো ভারত থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার অনুরোধ করে। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বিসিবির কঠোর অবস্থান ছিল, ম্যাচগুলো ভারতের বাইরে না হলে বাংলাদেশ অংশ নেবে না। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এবং পরবর্তীতে বিশ্বকাপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হয় স্কটল্যান্ড।

আইপিএল থেকে বাদ পড়ার পরপরই মোস্তাফিজকে টেনে নেয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি রুপি) তার ঠিকানা হয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলের চলতি আসরে এখন পর্যন্ত দুই ম্যাচে ৪.৮৭ ইকোনমিতে ২ উইকেট নিয়েছেন কাটার মাস্টার খ্যাত এই তারকা।