আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করা: তামিম
দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল বলেছেন, সবকিছুর আগে তার লক্ষ্য গত এক-দেড় বছরে ক্ষুণ্ণ হওয়া দেশের ক্রিকেটের সুনাম পুনরুদ্ধার করা। পাশাপাশি যত দ্রুত সম্ভব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক এই তারকা ক্রিকেটার।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিমকে প্রধান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকালে দায়িত্ব পেয়েই সন্ধ্যায় মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে এসে সভাপতির চেয়ারে বসেন তিনি। এরপর এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়, যেখানে সরাসরি তামিমসহ ছয়জন ও অনলাইনে বাকি পাঁচজন অংশ নেন।
বোর্ড সভার পর সংবাদমাধ্যমে কাছে নিজের বক্তব্য তুলে ধরেন তামিম। জানান প্রথম লক্ষ্যের কথা, 'এখানে যখনই এরকম দায়িত্ব কেউ পান, তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। ব্যক্তিগতভাবে আমি, পাশাপাশি আমার টিম এটা অনুভব করে... সবাই মিলে আমরা একসঙ্গে উপলব্ধি করি যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করা। গত এই এক-দেড় বছরে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এটা ঠিক করা হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।'
এই নবগঠিত অ্যাডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজনের পাশাপাশি বোর্ডের দৈনন্দিন সব কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার দায়িত্ব পালন করবে। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম বলেন, 'আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা তিন মাসের মধ্যে। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা সততার সঙ্গে করতে পারি, আর যতটা দ্রুত করতে পারি— আমরা এই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা প্রতিদিনের কাজের মধ্যে যা যা হয়েছে... বিশ্বকাপ ইস্যু আছে আপনারা জানেন, সবকিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার, আমরা তা করব।'
বাংলাদেশের ক্রিকেটের সুনাম ফেরানোর কথা আবার উঠে আসে তার বক্তব্যে, 'আমি নিশ্চিত, এটা আপনারা সবাই বিশ্বাস করেন যে, গত এক-দেড় বছরের ক্রিকেটের ক্ষতি হয়েছে বা ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব বা করব না, এটা নিয়ে আলোচনা থাকবে, সবই থাকবে। কিন্তু এখানে কেউই চাই না যে, ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে, এই জায়গায় থাকুক।'
তামিমের ঘোষণা অনুযায়ী, অ্যাডহক কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির মুখপাত্র নিযুক্ত করা হয়েছে এবং তিনিই গণমাধ্যমকে বোর্ডের যাবতীয় সিদ্ধান্তের কথা জানাবেন। এছাড়া, আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় এই বোর্ডের দ্বিতীয় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।