মিলারের ওই সিঙ্গেল না নেওয়ার ব্যাখ্যা দিলেন স্টেইন
২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ ২ বলে দিল্লি ক্যাপিটালসের দরকার ছিল মাত্র ২ রান। ক্রিজে থাকা ডেভিড মিলার চাইলেই সিঙ্গেল নিয়ে ম্যাচটি অন্তত টাই করতে পারতেন। কিন্তু অপর প্রান্তে থাকা কুলদীপ যাদবকে ফিরিয়ে দিয়ে তিনি নিজেই স্ট্রাইক ধরে রাখার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ করতে পারেননি মিলার, ১ রানের নাটকীয় জয় পায় গুজরাট টাইটান্স।
আইপিএলে বুধবারের ম্যাচে মিলারের এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কিংবদন্তি ডেল স্টেইন। তার মতে, মিলার সেই মুহূর্তে হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন।
ইএসপিএনক্রিকইনফো-র এক অনুষ্ঠানে স্টেইন বলেন, ‘কুলদীপ দৌড় শুরু করেছিলেন এবং তার শরীরী ভাষা বলছিল তিনি প্রস্তুত। কিন্তু মিলার তাকে থামিয়ে দেন। আসলে মিলার ঠিক আগেই ১০৬ মিটারের বড় এক ছক্কা মেরেছিলেন, তাই তিনি দারুণ ছন্দে ছিলেন। তার মনে হয়েছিল তিনি নিজেই কাজটা শেষ করতে পারবেন।’
মিলারকে বড় মাপের খেলোয়াড় উল্লেখ করে স্টেইন আরও বলেন, ‘মিলার অনেক উঁচুদরের খেলোয়াড়, কিন্তু তার উচিত ছিল হাতের কাছের সিঙ্গেলটি নেওয়া। রানটি নিলে ম্যাচটি অন্তত টাই হতো। এরপর আপনি টেল-এন্ডার ব্যাটারের ওপর ভরসা করতে পারতেন। কুলদীপ বল মিস করলেও বাই রান নেওয়ার সুযোগ থাকত। মিলারের সামান্য দ্বিধা এবং নিজেকে নায়ক বানানোর চেষ্টাই শেষ পর্যন্ত দলের হারের কারণ হয়ে দাঁড়াল।’
দিল্লির হয়ে কেএল রাহুল ৪১ বলে ৯২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে আউট হওয়ার পর জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন মিলার। তিনি ২০ বলে ৪১ রান করে নিজের সেরাটা দিলেও শেষ মুহূর্তের ওই ভুল সিদ্ধান্তে কপাল পুড়েছে দিল্লির। ২০ ওভারে ২০৯ রানেই থেমে যায় তাদের ইনিংস। ম্যাচ শেষে হতাশায় ভেঙে পড়া মিলারকে ড্রেসিংরুমে সান্ত্বনা দিতে দেখা যায় দিল্লির কোচ ও সতীর্থদের।