আইপিএল ২০২৬

বিধ্বংসী ইনিংসে অভিষেকের তাণ্ডবের জবাব দিলেন শ্রেয়াস

স্পোর্টস ডেস্ক

ঝড়ো ইনিংসে অভিষেক শর্মা দলকে পাইয়ে দিয়েছিলেন বিশাল পুঁজি। তবে রান তাড়ায় নেমে প্রিয়াংশ আর্য ও প্রভাসিমরন সিংয়ের উড়ন্ত শুরুর পর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ব্যাট হলো চওড়া। তার বিধ্বংসী ইনিংসে অনায়াসেই জিতল পাঞ্জাব কিংস।

মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের ২২০ রানের লক্ষ্য ৭ বল আগেই পেরিয়ে ৬ উইকেটে জিতেছে পাঞ্জাব। 

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই আগ্নেয়গিরির মতো ফেটে পড়েন হায়দরাবাদ ওপেনার অভিষেক। বোলারদের ওপর রীতিমতো তান্ডব চালিয়ে মাত্র ২৮ বলে ৭৪ রানের এক অতিমানবিক ইনিংস খেলেন তিনি। এই পথে ১৮ বলে স্পর্শ করেন ফিফটি।  ৮টি ছক্কা ও ৫টি চারে সাজানো তার এই ইনিংসে ভর করে পাওয়ারপ্লে-তেই ১০৫ রান তোলে হায়দরাবাদ। ট্রাভিস হেডের ৩৮ এবং শেষদিকে হেনরিক ক্লাসেনের ৩৯ রানের ওপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রানের পাহাড় গড়ে সানরাইজার্স।

বোলিংয়ে পাঞ্জাবের হয়ে আর্শদীপ সিং ও শশাঙ্ক সিং ২টি করে উইকেট নিলেও বোলারদের ইকোনমি রেট ছিল আকাশচুম্বী। 

২২০ রানের লক্ষ্যে পাল্টা আক্রমণ শুরু করেন দুই ওপেনার। বিশেষ করে প্রিয়াংশ যেন অভিষেকের ইনিংসের জবাব দিতেই ক্রিজে নেমেছিলেন। মাত্র ২০ বলে ৫৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে দেন। অন্যপ্রান্তে প্রভসিমরান খেলেন ২৫ বলে ৫১ রানের কার্যকর এক ইনিংস। ওপেনিং জুটিতেই আসে ৯৯ রান।

দুই ওপেনার দ্রুত ফেরার পর ম্যাচ কিছুটা ঝুলে পড়েছিল। শিভাঙ্গ কুমার ৩ উইকেট নিয়ে হায়দরাবাদকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে চার নম্বরে নেমে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। চাপের মুখে অবিচল থেকে ৩৩ বলে ৬৯ রানের অপরাজিত এক ইনিংস খেলেন তিনি। ৫টি চার ও ৫টি ছক্কায় সাজানো তাঁর এই অধিনায়কোচিত ইনিংসে ভর করে ১৮.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

  • সানরাইজার্স হায়দরাবাদ: ২১৯/৬ (২০ ওভার); অভিষেক ৭৪, ক্লাসেন ৩৯, হেড ৩৮।
  • পাঞ্জাব কিংস: ২২৩/৪ (১৮.৫ ওভার); শ্রেয়াস ৬৯*, প্রিয়াংশ ৫৭, প্রভসিমরান ৫১।
  • ফলাফল: পাঞ্জাব কিংস ৬ উইকেটে জয়ী।
  • ম্যাচ সেরা: শ্রেয়াস আইয়ার।