বাংলাদেশ সফরের পাকিস্তান টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় থাকা চারজন
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জাতীয় নির্বাচক কমিটি আগামী মাসে বাংলাদেশে হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ।
টেস্ট দলের নেতৃত্বে থাকছেন শান মাসুদই। শনিবার ঘোষিত স্কোয়াডে আছেন লাল বলের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার— আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। তারকাদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি অনুমিতভাবেই জায়গা পেয়েছেন।
সফরের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা করাচিতে একটি ক্যাম্পে অংশ নেবেন এবং আগামী ২৭ এপ্রিল সেখানে একত্রিত হবেন। এই ক্যাম্প ১ মে শেষ হবে এবং এরপর তাদের বাংলাদেশে উড়াল দেওয়ার কথা রয়েছে।
টেস্ট স্কোয়াডের যে ক্রিকেটাররা বর্তমানে পিএসএলে অংশ নিচ্ছেন, তারা নিজ নিজ দলের অভিযান শেষে ক্যাম্পে যোগ দেবেন। যেসব ক্রিকেটারের দল ফাইনালে উঠবে, তারা টুর্নামেন্ট শেষ করে তারপর বাংলাদেশে রওনা হবেন।
পিসিবি এই সফরের জন্য লাল বলের সংস্করণের কোচদের নিয়োগও নিশ্চিত করেছে। প্রধান কোচ হিসেবে থাকছেন সাবেক টেস্ট অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের অধিনায়ক হিসেবে দুটি আইসিসি শিরোপা (আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০০৬ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭) জিতেছিলেন তিনি।
সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিক ও উমর গুল এই সফরে যথাক্রমে ব্যাটিং ও বোলিং কোচ হিসেবে কাজ করবেন। অবসরের আগে আসাদ ১৪৭টি ও গুল ২৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৪ মে পাকিস্তান দলের ঢাকায় আসার কথা ছিল। তবে শুক্রবার রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের এক দিন আগে অর্থাৎ ৩ মে বাংলাদেশে পৌঁছাবে তারা।
দুই ম্যাচের সিরিজের তারিখগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। প্রথম টেস্ট শুরু হবে আগামী ৮ মে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের স্মৃতি পাকিস্তানের জন্য সুখকর নয়। ২০২৪ সালে নিজেদের মাটিতেই ২-০ ব্যবধানে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। এর আগে দুই দেশের ১৩টি টেস্টের মধ্যে একটি ড্র ছাড়া বাকি সব ম্যাচেই জিতেছিল পাকিস্তান।
পাকিস্তান স্কোয়াড:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শাহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।