ক্রিকেটে বিনিয়োগ করলেন ফুটবল তারকা জুড বেলিংহ্যাম
ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম এবার নাম লেখালেন ক্রিকেটের ব্যবসায়। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড'-এর ফ্র্যাঞ্চাইজি বার্মিংহাম ফিনিক্সের মালিকানায় অংশীদার হয়েছেন তিনি। প্রায় ১০ লক্ষ পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা) বিনিময়ে দলটির ১.২ শতাংশ শেয়ার কিনেছেন এই রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
বুধবার এক বিবৃতিতে বার্মিংহাম ফিনিক্সের মূল মালিকপক্ষ ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এই খবর নিশ্চিত করেছে। বার্মিংহামে বেড়ে ওঠা বেলিংহ্যামের জন্য এই বিনিয়োগ কেবল ব্যবসাই নয়, বরং নিজ শহরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
বিনিয়োগের পর নিজের অনুভূতি জানিয়ে বেলিংহ্যাম বলেন, ‘আমি বার্মিংহাম শহরকে ভালোবাসি এবং ক্রিকেটও আমার খুব প্রিয়। যখনই এই সুযোগটি এল, আমি দ্বিতীয়বার ভাবিনি। এই শহরের শিশুদের খেলাধুলায় উৎসাহিত করা আমার অন্যতম লক্ষ্য।’
উল্লেখ্য, বেলিংহ্যাম কেবল ফুটবলার নন, ছোটবেলায় তিনি নিয়মিত ক্রিকেট খেলতেন। এমনকি হ্যাগলি ক্রিকেট ক্লাবের হয়ে জুনিয়র পর্যায়ে মাঠও কাঁপিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, এক দিনের জন্য পেশা বদলানোর সুযোগ থাকলে তিনি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস হতে চাইতেন।
বার্মিংহাম ফিনিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলিংহ্যাম কেবল একজন বিনিয়োগকারী হিসেবেই নন, বরং শহরের সামাজিক উন্নয়ন ও তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন।
বেলিংহ্যাম বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের একাডেমি থেকে উঠে এসে বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম দামি খেলোয়াড়।