বোর্ডকে সরে দাঁড়াতে বলেছে শ্রীলঙ্কা সরকার!
দীর্ঘদিনের বিতর্ক আর জনরোষের জেরে বড় এক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসন। দেশের সরকার সরাসরি হস্তক্ষেপ করে বর্তমান বোর্ডকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বলে সংবাদ প্রকাশ পেয়েছে স্থানীয় গণমাধ্যমে।
সরকারের নির্দেশ অনুযায়ী, শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটিকে এই সপ্তাহান্তের মধ্যেই পদত্যাগ করতে বলা হয়েছে। এক বোর্ড কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান প্রশাসনের পরিবর্তে একজন সাবেক বিনিয়োগ ব্যাংকারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হবে। জনমনে জমে থাকা ক্ষোভের প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বর্তমানে বোর্ডের সভাপতির দায়িত্বে আছেন শাম্মি সিলভা, যিনি চারবার এই পদে নির্বাচিত হয়েছেন। তবে শ্রীলঙ্কার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হওয়া সত্ত্বেও, দীর্ঘদিন ধরেই দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত ছিল বোর্ডটি।
সাম্প্রতিক পারফরম্যান্সও পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক হয়েও হতাশাজনক পারফরম্যান্সে আগেভাগেই বিদায় নিতে হয় শ্রীলঙ্কাকে।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে আইসিসি রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল। যদিও ২০২৪ সালের জানুয়ারির শেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবুও প্রশাসনিক সংকট যেন কাটছেই না।