সাময়িকভাবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ নিল দেশটির সরকার
দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগের মুখে অবশেষে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ডের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সরকার। বুধবার এক ঘোষণায় জানানো হয়েছে, বোর্ডে ‘কাঠামোগত সংস্কার’ আনার লক্ষ্যে এটি একটি সাময়িক পদক্ষেপ।
শ্রীলঙ্কা ক্রিকেট দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও গত কয়েক বছর ধরে এর প্রশাসন নিয়ে নানা বিতর্ক চলছিল। এমনকি বোর্ড পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ২০২৩-২৪ মৌসুমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শ্রীলঙ্কার সদস্যপদ দুই মাসের জন্য স্থগিতও করেছিল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ থেকে শ্রীলঙ্কা ক্রিকেটের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়েছে।’ ক্রিকেটের বর্তমান সংকট নিরসন এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য দ্রুতই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে বলেও মন্ত্রণালয় থেকে জানানো হয়।
সরকারের এই সরাসরি হস্তক্ষেপের পর মঙ্গলবার এসএলসি সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন শাম্মি সিলভা। তার সঙ্গে পুরো কমিটিই পদত্যাগ করেছে। উল্লেখ্য, শাম্মি সিলভা চার মেয়াদে লঙ্কান বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকারি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকার ও বিরোধী দলীয় রাজনীতিবিদ এরান বিক্রমরত্নেকে বোর্ডের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। পুরো বিষয়টি নিয়ে এএফপির পক্ষ থেকে আইসিসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্স ছিল হতাশাজনক। ঘরের মাঠে আয়োজিত সেই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় লঙ্কানরা, যা দেশটিতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।