আসন্ন বিসিবি নির্বাচন: কাউন্সিলর মনোনয়নের সময়সীমা ১৬ মে
কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্ট ক্রিকেট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি। আসন্ন নির্বাচন উপলক্ষে এই মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিবির অ্যাডহক কমিটির চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের নাম আহ্বান করা হবে। বোর্ড ইতোমধ্যে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংগঠনগুলোর তালিকা চূড়ান্ত করেছে।'
গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির সবশেষ নির্বাচনেও তিন ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলর চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। তাদের মধ্যে ৭১ জন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা থেকে, ৭৬ জন ক্লাব পর্যায় থেকে এবং ৫৫ জন বিভিন্ন সংগঠন থেকে মনোনীত হয়েছিলেন।
তবে সেই নির্বাচনটি নানা বিতর্কে কলঙ্কিত হয়েছিল, যার প্রেক্ষিতে অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ওই পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
একইসঙ্গে এনএসসি ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে, যেখানে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এদিকে, বর্তমান কোচদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৬৪টি জেলার জন্য নতুন কোচ নিয়োগের লক্ষ্যে আবেদনকারীদের মূল্যায়নের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এই মূল্যায়ন প্রক্রিয়ায় তাত্ত্বিক ও ব্যবহারিক— উভয় ধরনের পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া, গত ৩০ এপ্রিল চুক্তির মেয়াদ শেষ হওয়া ম্যাচ রেফারি ও আম্পায়ারদের নিয়োগের মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুমোদন দিয়েছে অ্যাডহক কমিটি।