প্রথম সেশন

শান্ত-মুমিনুলের জুটিতে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সকালে পাকিস্তানি পেসারদের মুভমেন্টে বেশ ভুগেছিলেন বাংলাদেশের দুই ওপেনার। থিতু হওয়ার আগেই বিদায় নিয়েছিলেন তারা। তবে জোড়া ধাক্কার পর দলকে দারুণভাবে টানছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। দুজনের জুটিতে প্রথম সেশনে ভালো অবস্থান তৈরি করেছে স্বাগতিক দল। 

শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে লাঞ্চ বিরতি পর্যন্ত ২ উইকেটে ১০১ রান করেছে বাংলাদেশ। তৃতীয় উইকেট জুটিতে ৯৫ বলে অবিচ্ছিন্ন ৭০ রান যোগ করেছেন শান্ত-মুমিনুল। ৫৭ বলে ৩১ রান নিয়ে মুমিনুল ও ৫০ বলে ৩৯ রান নিয়ে ক্রিজে আছেন শান্ত। 

সকালে টস হেরে বল করতে নেমে বাঁহাতি শাহীন আফ্রিদি ও ডানহাতি মোহাম্মদ আব্বাস মিলে শুরু করেন বোলিং আক্রমণ। দুজনেই গতির চেয়ে বল মুভ করানোর দিকে মন দেন। মুভমেন্টে বারবার পরাস্ত হতে থাকেন সাদমান-জয়। শাহীনের বলে ব্যক্তিগত ৪ রানে জয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন। অভিষিক্ত আবদুল্লাহ ফজল সেই ক্যাচ ফেলে দেন। কিন্তু জীবন কাজে লাগাতে পারেননি ডানহাতি ব্যাটার। আরও ৪ রান যোগ করে শাহীনের বলেই বিদায় তার। হালকা মুভ করা বল খোঁচা মেরে কিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে জমা পড়েন ১৯ বলে ৮ রান করা জয়।

একাদশ ওভারে হাসান আলি বল করতে এসেই ছাঁটেন সাদমানকে। তার বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে স্লিপে ধরা দেন ৩০ বলে ১৩ রান করা সাদমান। ৩১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ঘণ্টায় ১৩ ওভার ব্যাট করে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তুলতে পারে ৩৮ রান।

জোড়া ধাক্কায় নড়ে উঠা বাংলাদেশকে এরপর স্থির করেন শান্ত-মুমিনুল। দুজনেই শুরুতে এক-দুই করে রান বাড়িয়ে ধীরলয়ে মেলেন ডানা। বেলা বাড়তে মুভমেন্টও কমে আসে পিচের। আলগা বলগুলো সীমানা ছাড়া করতে দ্বিধা করেননি তারা। ২০ ওভারের পর স্পিনার আক্রমণে এনেও বাংলাদেশের দুই ব্যাটারকে খুব একটা সমস্যায় ফেলতে পারেনি পাকিস্তান।