মিরপুর টেস্ট

মিরাজের পাঁচ শিকারে বাংলাদেশের ২৭ রানের লিড

ক্রীড়া প্রতিবেদক

পাক্কা দুই ঘণ্টা বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর পাকিস্তানের ইনিংস আর এক ঘণ্টাও টিকল না। নাহিদ রানার পেসে সালমান আলি আঘার বিদায়ের পর প্রতিপক্ষের লেজ মুড়ে পাঁচ শিকার ধরলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম টেস্টে তাই গুরুত্বপূর্ণ রানের লিড পেয়ে গেল স্বাগতিক দল।

রোববার মিরপুরে তৃতীয় দিনের শেষ সেশনে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। বাংলাদেশ লিড পেয়েছে ২৭ রানের।

১০২ রানে ৫ উইকেট নেন মিরাজ। তাইজুল শুরুতে বিবর্ণ থাকলেও পরে ৪৬ রানে পেয়েছেন ২ উইকেট। তাসকিন ৭০ রানে নেন ২ উইকেট। গতি তারকা নাহিদ ছিলেন খরুচে। ২১ ওভারে ১০৪ রান দিয়ে সালমান আলি আঘার উইকেট পেয়েছেন তিনি।

৩৪৯ রানে মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর পরই নেমেছিল বৃষ্টি। সেই বৃষ্টি বিরতির মাঝে ছিল চা-বিরতির সময়টুকুও। মাঠ প্রস্তুত করে খেলা শুরু হলো ৪টা ১৫ মিনিটে।

আর চার রান যোগ করেই নাহিদের শিকার হন সালমান। পাকিস্তানের মিডল অর্ডারের অন্যতম ভরসা অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে ক্যাচ দেন ৫৮ রানে। এরপর মিরাজ তুলতে থাকেন উইকেট। নোমান আলিকে স্লিপে ক্যাচ বানানোর পর শাহীন আফ্রিদি 'তার' বলে ধরা দেন শর্ট কাভারে। ১৪তম বারের মতো টেস্টে পাঁচ উইকেট পেয়ে যান তিনি।

তাইজুল ইসলাম হাসান আলিকে বোল্ড করে মুড়ে দেন সফরকারীদের ইনিংস।