চোটে মার্শের বাংলাদেশ সফর অনিশ্চিত
পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। গোড়ালের চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। এই চোটের কারণে পাকিস্তানের পর অস্ট্রেলিয়ার আসন্ন বাংলাদেশ সফরেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আগামী ৩০ মে থেকে পাকিস্তানে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মার্শের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিশ। সদ্য সমাপ্ত আইপিএলে ১৩ ম্যাচে ৫৬৩ রান করা মার্শ চোটের উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য বর্তমানে পার্থেই থেকে যাচ্ছেন।
পাকিস্তান সফর শেষ করে সীমিত ওভারের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। পাকিস্তান সফরের প্রায় একই স্কোয়াড নিয়ে অজিরা বাংলাদেশে আসবে। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ মিস করার পর বাংলাদেশ সফরেও মার্শকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
পেস ত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের পর মার্শকে হারিয়ে বড় তারকাদের একরকম ছাড়াই পাকিস্তানের মুখোমুখি হতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রায় একই দল বাংলাদেশে সফরে আসার কথা থাকায় মূল তারকাদের অনুপস্থিতি অজিদের বাংলাদেশ সিরিজেও প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ৯ জুন। এরপর সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
৫০ ওভারের সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামে সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন।
পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: জশ ইংলিশ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, রাইলি মেরিডিথ, অলিভার পিক, ম্যাট রেনশ, তানভীর সংঘা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।