নাহিদকে বিগ ব্যাশে নিজের দলে দেখতে চান কেয়ারি
অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসিয়ে এখন দেশটির ক্রিকেট মহলে আলোচনার ঝড় তুলেছেন নাহিদ রানা। বাংলাদেশের এই তরুণের গতি আর আগ্রাসন নিয়ে কথা বলছেন অনেকে। অস্ট্রেলিয়ার কিপার-ব্যাটার অ্যালেক্স কেয়ারি মনে করেন, ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশেও সুযোগ পেতে পারেন নাহিদ। তার নিজের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সে নাহিদকে পেলে যে ভালো হয়, সেটাও জানিয়ে দেন তিনি।
মিরপুরে মঙ্গলবার প্রথম ওয়ানডেতে অজিদের ডিএলএস মেথডে ৮৬ রানে হারায় বাংলাদেশ। মোসাদ্দেক হোসেন সৈকতের ৭০ বলে ৮৬ রানের ওপর ভর করে বাংলাদেশের করা ২৮৪ রানের পুঁজি টপকাতে গিয়ে নাহিদের পেসেই খাবি খায় সফরকারীরা।
৪১ রানে ৪ উইকেট নিয়ে নাহিদই অস্ট্রেলিয়ার মূল হন্তারক। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই দেশটির গণমাধ্যমেও আলোচনার কেন্দ্রে তিনি।
অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ে ৪৭ করা কেয়ারি আউট হন নাহিদের গতিময় ডেলিভারিতে। পরে সংবাদ সম্মেলনে এসে নাহিদকে নিয়ে অনেক প্রশংসা করেন তিনি। কেয়ারির কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে কি নাহিদেরও সেখানে সুযোগ মিলতে পারে? উত্তরে কেয়ারি বলেন, ‘হ্যাঁ অবশ্যই। কারণ তার গতি আছে আর অস্ট্রেলিয়ার উইকেটের বাউন্স তার জন্য জুতসই হবে। তার অনেক প্রতিভা আছে, নিশ্চয়ই (সে খেলতে পারে)। যদি সে চায় অ্যাডিলেড স্ট্রাইকার্সেও হতে পারে (হাসি)।’