দুই দলের ওপরই সমান চাপ থাকবে: সালমান
ভারতের কাছে গ্রুপ পর্ব ও সুপার ফোরে বিব্রতকরভাবে হারা সেই পাকিস্তানই এখন ফাইনাল জেতার স্বপ্ন দেখছি। শক্তি, সামর্থ্য, সাম্প্রতিক ছন্দে পিছিয়ে থাকলেও ফাইনালের চাপ জয় করে আগের সব ব্যর্থতা মুছতে চায় তারা। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা বলছেন, চাপ থাকবে দুই দলের উপরই সমান।
প্রশ্নটা ছিলো অবশ্য ভারতের চাপের প্রসঙ্গে। পাকিস্তানি এক সাংবাদিক জানতে চান, দুই ম্যাচ জিতেও ফাইনাল জিততে না পারলে সব অর্জন হারাবে ভারত, এই কারণেই তারা বেশি চাপে থাকবে। আপনিও তাই মনে করেন কিনা।
স্বদেশী সাংবাদিকের সঙ্গে তাল না মিলিয়ে দুই দলকে এই জায়গায় সমান-সমান অবস্থায় রাখেন সালমান, 'স্যার, এটা ফাইনাল। আমার মনে হয় দুই দলের ওপরই সমান চাপ থাকবে এবং ফাইনালের চাপটা আলাদা। আমরা এই ম্যাচটা জেতার জন্য এবং আমাদের সেরাটা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তাদের মিডিয়া কী বলছে, তা নিয়ে আমাদের কিছু করার নেই। তারা যা খুশি বলতে পারে।'
তবে চাপে ভেঙে পড়ার উদাহরণ পাকিস্তানেরই বেশি। আগের দুই লড়াইতেও দেখা গেছে স্কিলের কাছে সামলাতে না পেরে মেজাজ হারিয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা, চির প্রতিদ্বন্দ্বীদের কাছে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে তারা হেরেছেন ৭ ম্যাচ। হারের সংখ্যা বাড়ার শঙ্কা থেকেও আসে চাপ। তা অস্বীকার করেননি সালমান, 'পাকিস্তান বনাম ভারত ম্যাচে একটা চাপ তো থাকেই। যদি বলি চাপ থাকে না, তাহলে ভুল হবে। তবে হ্যাঁ, আমরা তাদের চেয়ে বেশি ভুল করেছি, যে কারণে আমরা ম্যাচ জিততে পারিনি। আমার বিশ্বাস, পাকিস্তান বনাম ভারত ম্যাচে যে দল কম ভুল করে, তারাই জেতে। আমরা কালকে কম ভুল করার চেষ্টা করব।'
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।