সালাহর মিশরের বিশ্বকাপ দলে চমক বার্সার হামজা
মোহাম্মদ সালাহকে অধিনায়ক করেই ২০২৬ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। ২৭ সদস্যের এই দলে সবচেয়ে বড় চমক বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলে খেলা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড হামজা আবদেলকরিম।
লিভারপুলে দীর্ঘ নয় বছরের অধ্যায় শেষ করতে যাওয়া সালাহ এবার বিশ্বকাপে মিশরের সবচেয়ে বড় ভরসা। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে করেছেন ৬৭ গোল।
দলে আছেন ম্যানচেস্টার সিটির উইঙ্গার ওমর মারমুশও। তবে বাদ পড়েছেন নঁতের ফরোয়ার্ড মোস্তাফা মোহাম্মদ।
বিশ্বকাপের আগে ২৮ মে কায়রোতে রাশিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মিশর। এরপর চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করবেন কোচ হোসাম হাসান।
তবে সবচেয়ে বেশি আলোচনায় তরুণ হামজা আবদেলকরিম। চলতি বছরের জানুয়ারিতে আল আহলি থেকে ধারে বার্সেলোনায় যোগ দেওয়া এই ফরোয়ার্ড ক্লাবটির ইতিহাসে প্রথম মিশরীয় ফুটবলার।
প্রথম দিকে প্রশাসনিক জটিলতায় খেলতে না পারলেও পরে বার্সার অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলে নিবন্ধিত হন তিনি। এখন পর্যন্ত সাতটি লিগ ম্যাচে পাঁচ গোল করেছেন হামজা, খেলেছেন দুটি কাপ ম্যাচও।
১ জানুয়ারি ২০০৮ সালে জন্ম নেওয়া এই তরুণকে ভবিষ্যতের বড় তারকা হিসেবেই দেখা হচ্ছে মিশরীয় ফুটবলে। বিশ্বকাপের আগে ৬ জুন ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মিশর।
‘গ্রুপ জি’-তে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরান। ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফ্রিকার দেশটি।
মিশরের প্রাথমিক বিশ্বকাপ দল
গোলরক্ষক:
মোহাম্মদ এল শেনাওয়ি, মোস্তাফা শোবেইর, এল মাহদি সোলিমান, মোহাম্মদ আলা
ডিফেন্ডার:
মোহাম্মদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহাম্মদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ, করিম হাফেজ
মিডফিল্ডার:
মারওয়ান আতিয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, এমাম আশুর, মোস্তাফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান
ফরোয়ার্ড:
ওমর মারমুশ, মোহাম্মদ সালাহ, আকতাই আবদাল্লাহ, হামজা আবদেলকরিম।