বিশ্বকাপে ইরানকে আশ্রয় দিচ্ছে মেক্সিকো
বিশ্বকাপের সময় ইরান জাতীয় ফুটবল দলকে নিজেদের দেশে থাকার অনুমতি দিচ্ছে মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, ইরান দলকে পুরো টুর্নামেন্টজুড়ে যুক্তরাষ্ট্র নিজেদের দেশে রাখতে না চাওয়ায় ফিফার অনুরোধে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, 'তাদের মেক্সিকোয় থাকার সুযোগ না দেওয়ার কোনো কারণ আমরা দেখছি না।'
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত হোয়াইট হাউস কিংবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ শনিবার জানান, বিশ্বকাপ চলাকালে দলের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায় নেওয়া হবে। তাঁর মতে, এতে ভিসা–সংক্রান্ত জটিলতা এড়ানো সহজ হবে এবং দল সরাসরি ইরান এয়ারের ফ্লাইটে মেক্সিকোতে যাতায়াত করতে পারবে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির মধ্যেই নতুন এই সিদ্ধান্ত বেশ গুরুত্ব পাচ্ছে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। গ্রুপ ‘জি’তে থাকা ইরান নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, আর ২১ জুন মুখোমুখি হবে বেলজিয়ামের। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে তারা।