চোটের কারণে ঘানার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন টটেনহ্যামের কুদুস
চোটের কারণে আগামী মাসের বিশ্বকাপে খেলা হচ্ছে না টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড মোহাম্মদ কুদুসের। মঙ্গলবার কার্লোস কুইরোজ ঘানার যে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন, চোটের কারণে সেখান থেকে বাদ পড়েছেন তিনি।
ঘানার হয়ে ৪৬ ম্যাচে ১৩ গোল করা কুদুস গত জানুয়ারিতে কোয়াড ইনজুরিতে পড়েন। আশা করা হয়েছিল মার্চেই মাঠে ফিরবেন তিনি। তবে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড পুনর্বাসন প্রক্রিয়ার সময় নতুন করে চোটে পড়েন। থমাস ফ্র্যাঙ্ক যখন টটেনহ্যামের কোচ ছিলেন, তারপর থেকে আর কোনো ম্যাচ খেলা হয়নি তার।
অফ-সিজনে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড থেকে স্পার্সে যোগ দেওয়া কুদুস চলতি প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচ খেলে করেছেন ২ গোল।
অভিজ্ঞ কোচ কুইরোজ ভরসা রাখছেন ম্যানচেস্টার সিটির অ্যান্টোইন সেমেনিও এবং অ্যাথলেটিক ক্লাব ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামসের ওপর। অন্যদিকে ২০২৩ সালের পর এই প্রথম ঘানা দলে ডাক পেয়েছেন গ্রিসের ক্লাব পাওকের সাবেক চেলসি ডিফেন্ডার আব্দুল রহমান বাবা।
আসন্ন বিশ্বকাপে 'এল' গ্রুপে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামার সঙ্গে খেলবে ঘানা।