রিয়ালের কাউকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখার ব্যাখ্যা দিলেন স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের জন্য বার্সেলোনার খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন লুইস দে লা ফুয়েন্তে। সেখানে প্রথমবারের মতো জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ের। এমন চমকপ্রদ সিদ্ধান্তের পর স্পেনের কোচ জোর দিয়ে বলেছেন, যে কোনো ক্লাবের প্রতীকের চেয়ে জাতীয় দলের ব্যাজের সম্মানই সবার ওপরে।

আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফেভারিট হিসেবে মাঠে নামবে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। দে লা ফুয়েন্তের ২৬ সদস্যের স্কোয়াডে আটজন বার্সেলোনার খেলোয়াড় থাকলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল থেকে কেউ জায়গা পাননি। এর ফলে স্পেন জাতীয় দল নিয়ে আলোচনাতেও ঐতিহ্যবাহী ‘এল ক্লাসিকো’র প্রবল দ্বৈরথের উত্তাপ ও বিতর্ক ঢুকে পড়েছে।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে শিরোপা জয়ের পর নিজেদের দ্বিতীয় বিশ্বকাপের খোঁজে থাকা স্পেনের এই স্কোয়াড থেকে বাদ পড়া রিয়াল তারকাদের মধ্যে দুজনের নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। তারা হলেন দুই ডিফেন্ডার ডিন হাউসেন ও দানি কারভাহাল।

তবে এই সিদ্ধান্তের কারণে তিনি রিয়ালের ভক্তদের সমর্থন হারাতে পারেন, এমন ধারণাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। সোমবার স্কোয়াড ঘোষণার পর স্প্যানিশ সরকারি সম্প্রচারমাধ্যম আরটিভিই ও সংবাদ সংস্থা ইএফই আয়োজিত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে বড় দল, সর্বশ্রেষ্ঠ দল হলো স্পেনের জাতীয় দল।’

তিনি আরও বলেছেন, ‘খেলোয়াড়রা কোথা (কোন ক্লাব) থেকে এসেছে বা তাদের অতীত পরিচয় কী, তা আমি দেখি না। আসল বিষয় হলো, যে সব স্প্যানিশ খেলোয়াড় তাদের দেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে এবং একটি ঐক্যবদ্ধ জাতির অংশ হতে পেরে গর্ববোধ করে, তারাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়া বার্সেলোনার খেলোয়াড়রা হলেন— হোয়ান গার্সিয়া, পাউ কুবারসি, এরিক গার্সিয়া, গাভি, পেদ্রি, দানি ওলমো, লামিন ইয়ামাল ও ফেরান তোরেস। অন্যদিকে, সুযোগ পাওয়াদের মধ্যে সাতজন খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। তারা হলেন— রদ্রি, দাভিদ রায়া, পেদ্রো পোরো, মিকেল মেরিনো, ইয়েরেমি পিনো, মার্তিন জুবিমেন্দি ও মার্ক কুকুরেয়া।

স্পেনের কোচ জানিয়েছেন, দল নির্বাচনের ক্ষেত্রে শুধুমাত্র খেলা সংক্রান্ত বিষয়গুলোকেই বিবেচনা করা হয়েছে। তবে স্কোয়াড বাছাইয়ের সিদ্ধান্তে অবধারিতভাবেই কিছুটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রভাব থাকে।

নিজের সিদ্ধান্তে অনড় থেকে দে লা ফুয়েন্তে বলেছেন, ‘যেদিন আমি ভুল করব, সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হব, অথবা শুধু ফলাফল পাওয়ার আশায় কোনো কাজ করব, সেদিন আমি আমার চাকরিই ঝুঁকিতে ফেলব।’

উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে থাকা স্পেন নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো সৌদি আরব ও দুইবারের শিরোপাজয়ী উরুগুয়ে।