বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে পারবেন না নেইমার
বিশ্বকাপের ঠিক আগে আবারও দুঃসংবাদ ঘিরে ধরেছে নেইমারকে। বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছিল ব্রাজিল, কিন্তু চোট আবারও থামিয়ে দিল তাদের সবচেয়ে বড় তারকাকে। পায়ের পেশিতে গুরুতর সমস্যার কারণে আসন্ন প্রীতি ম্যাচগুলো তো বটেই, বিশ্বকাপের প্রথম ম্যাচেও মাঠে নামতে পারবেন না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, পরীক্ষায় নেইমারের কাফে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, ৩৪ বছর বয়সী এই ফুটবলারের সুস্থ হতে আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।
খেলোয়াড়দের সংবাদ সম্মেলনের আগে লাসমার বলেন, মঙ্গলবার গ্রাঞ্জা কোমারিতে রিপোর্ট করার পর নেইমারের সব ধরনের মেডিকেল পরীক্ষা করা হয়। এমআরআই স্ক্যানে দেখা গেছে, এটি শুধু ফোলা নয়, বরং গ্রেড-টু কাফ ইনজুরি। তাই আপাতত তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যেই থাকতে হবে। তবে এই চোটের কারণে নেইমারকে পুরো স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানাননি ব্রাজিল দলের চিকিৎসক।
মঙ্গলবার দলে যোগ দিলেও বুধবারের প্রথম অনুশীলনে অংশ নেননি নেইমার। ডান পায়ের কাফে ফোলাভাবের অভিযোগ করার পর তাকে তেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয় পরীক্ষা করানোর জন্য। পরে এমআরআই রিপোর্টে ধরা পড়ে আংশিক মাংসপেশি ছিঁড়ে যাওয়ার এই চোট।
এর আগে নেইমারের ক্লাব সান্তোসের চিকিৎসক রদ্রিগো জোগাইব জানিয়েছিলেন, সমস্যাটি শুধুই ফোলাভাব এবং তিনি অনুশীলনের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন। কিন্তু জাতীয় দলে যোগ দেওয়ার পর বাস্তবতা ভিন্ন হয়ে দাঁড়ায়।
ফলে রোববার মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং পরে ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষের ম্যাচ দুটিই মিস করবেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। শুধু তাই নয়, ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপের প্রথম ম্যাচেও তাকে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
এরই মধ্যে আর্সেনাল ও পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার কারণে গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে ছাড়াই দল সাজাতে হচ্ছিল কোচ কার্লো আনচেলত্তিকে। তার ওপর নেইমারের চোট ব্রাজিলের পরিকল্পনাকে আরও কঠিন করে তুলেছে।