বিশ্বকাপে স্লোগান বা ‘অননুমোদিত’ পতাকা দেখলে খেলা বন্ধের হুঁশিয়ারি ইরানের
বিশ্বকাপ শুরুর আগে নতুন হুমকি দিয়েছে ইরান। স্টেডিয়ামে ইরানবিরোধী স্লোগান কিংবা ‘অননুমোদিত’ পতাকা প্রদর্শন করা হলে ম্যাচ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। এ বিষয়ে ফিফাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে তেহরান।
ইরানের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেছেন, ইরানের ম্যাচ চলাকালে যদি স্টেডিয়ামে জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় বা অনুমোদনহীন পতাকা প্রদর্শন করা হয়, তাহলে দলের ম্যানেজার ম্যাচ বন্ধের উদ্যোগ নেবেন।
দোনিয়ামালির ভাষ্য, 'আমরা ফিফাকে জানিয়েছি, যদি অননুমোদিত পতাকা আনা হয় অথবা জাতীয় দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়, তাহলে দলের ম্যানেজার অবশ্যই খেলা বন্ধ করার দায়িত্ব নেবেন।'
বিশ্বকাপে ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর একই শহরে ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলে প্রতিপক্ষ মিশর।
ইরানের এই অবস্থানের পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি বিতর্ক। বিশেষ করে মিশরের বিপক্ষে ম্যাচকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সিয়াটলের ‘প্রাইড উইকএন্ড’। স্থানীয় আয়োজকেরা ম্যাচটিকে “প্রাইড ম্যাচ” হিসেবে চিহ্নিত করেছিল। এর পরিপ্রেক্ষিতে ইরান ও মিশরের ফুটবল ফেডারেশন ফিফার কাছে যৌথভাবে অনুরোধ জানিয়েছিল, ম্যাচকে ঘিরে কোনো এলজিবিটিকিউ+ প্রাইড-সংশ্লিষ্ট কার্যক্রম যেন না হয়।
এদিকে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। গত এপ্রিলে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীরা ইরানকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন। তাদের অভিযোগ, জাতীয় দলটি ইরানের সাধারণ জনগণের নয়, বরং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের প্রতিনিধিত্ব করছে।
বিশ্বকাপের আগে মাঠের বাইরেও নানা সমস্যার মুখোমুখি হয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন অভিযোগ করেছে, টুর্নামেন্ট শুরুর কয়েক দিন আগে তাদের জন্য বরাদ্দ টিকিট প্রত্যাহার করা হয়েছে। ফলে আগে থেকেই ভ্রমণ পরিকল্পনা করে রাখা অনেক সমর্থক নিজেদের দলের খেলা দেখার সুযোগ হারিয়েছেন।
বর্তমানে মেক্সিকোর তিহুয়ানায় প্রস্তুতি নিচ্ছে ইরান দল। চলমান আঞ্চলিক সংঘাতের কারণে তাদের ঘাঁটি যুক্তরাষ্ট্রের বদলে মেক্সিকোতে স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ইরান দল ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে।