টিকিটের আকাশছোঁয়া দাম ও ভিসা বিতর্কে সমালোচনা উড়িয়ে দিলেন ইনফান্তিনো
বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে টিকিটের উচ্চমূল্য, ভিসা জটিলতা এবং রাজনৈতিক বিতর্ক নিয়ে ওঠা সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বুধবার মেক্সিকো সিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিশ্বকাপ আয়োজন নিয়ে ফিফার অবস্থান জোরালোভাবে তুলে ধরেন এবং চলমান বিতর্কগুলোকেও অনেকটা হালকাভাবে দেখার আহ্বান জানান।
মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইনফান্তিনো বলেন, তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই ৪৮ দলের বিশ্বকাপ আয়োজনের দিক থেকে ইতিহাসের সবচেয়ে বড় ও জটিল টুর্নামেন্ট হলেও প্রস্তুতি নিয়ে তিনি পুরোপুরি সন্তুষ্ট।
তবে টুর্নামেন্ট শুরুর আগেই টিকিটের মূল্য নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফিফা। কিছু ম্যাচের টিকিটের দাম ৩০ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় সাধারণ সমর্থকদের নাগালের বাইরে চলে গেছে বিশ্বকাপ—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন সমর্থক সংগঠনের পক্ষ থেকে।
এই সমালোচনার জবাবে ইনফান্তিনো বলেন, 'আমাদের ৬০ ডলারের টিকিট রয়েছে, যা আমেরিকার যেকোনো বড় ক্রীড়া আসরের প্লে-অফ পর্বের টিকিটের মধ্যে সর্বনিম্ন মূল্য। আর গড় মূল্য ৫০০ ডলারেরও কম, যা এখানকার অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টের তুলনায়ও কম।'
ভিসা জটিলতা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় ফিফা সভাপতিকে। বিশেষ করে সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনা বিশ্বকাপ শুরুর আগে বড় বিতর্ক তৈরি করেছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে মার্কিন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়নি। পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দাবি করে, তিনি সন্দেহভাজন সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
ফিফা ইতোমধ্যে নিশ্চিত করেছে যে আরতান বিশ্বকাপে কোনো দায়িত্ব পালন করবেন না। তবে এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করলেও খুব বেশি গুরুত্ব দিতে চাননি ইনফান্তিনো, 'সোমালিয়ার রেফারির সঙ্গে যা হয়েছে, তা অবশ্যই দুর্ভাগ্যজনক। কিন্তু সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। কখনও কখনও শান্ত থাকতে হয়, ধৈর্য ধরতে হয়। সব বিষয়ে চিৎকার-চেঁচামেচি করলে সমাধান আরও কঠিন হয়ে যায়।'
ইরানকে ঘিরে চলমান বিতর্ক নিয়েও কথা বলেন ফিফা সভাপতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হওয়াকে তিনি ফিফার বড় সাফল্য হিসেবে তুলে ধরেন।
ইনফান্তিনো বলেন, 'অনেকে বলছিল ইরান বিশ্বকাপে আসতে পারবে না। পরিস্থিতি সহজ ছিল না। কিন্তু আমি জানি না, এমন পরিস্থিতিতে ফিফা ছাড়া আর কে নিশ্চিত করতে পারত যে ইরান এসে খেলতে পারবে।'
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ফিফা প্রধান মনে করেন, বিশ্বকাপ আয়োজন সফল করতে ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ভাষায়, 'তার সম্পৃক্ততা ও সহযোগিতা ছাড়া যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হতো না।'
অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগেই আয়োজক দেশ মেক্সিকোতে সামাজিক অস্থিরতার আশঙ্কাও দেখা দিয়েছে। মঙ্গলবার অ্যাজটেকা স্টেডিয়ামের দিকে যাওয়ার একটি প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। যদিও পুলিশ তাদের স্টেডিয়ামের কাছে যেতে বাধা দেয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম অবশ্য পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন।
আবহাওয়াও বিশ্বকাপের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে বজ্রঝড় ও প্রবল বৃষ্টির কারণে ইংল্যান্ড ও কোস্টারিকার প্রস্তুতি ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। গত বছরের ক্লাব বিশ্বকাপেও আবহাওয়ার কারণে একাধিক ম্যাচ বিঘ্নিত হয়েছিল। তবে মাঠে নামার পর কোনো সমস্যা হয়নি ইংল্যান্ডের। অ্যান্থনি গর্ডনের দুর্দান্ত নৈপুণ্যে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়েছে তারা।