টাকা খরচ করে মিললো শুধু ‘বাফারিং’

সাবস্ক্রিপশন কিনেও স্ট্রিমিং অ্যাপে বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখতে পারেননি দর্শকেরা
মো. তাজদিন হাসান

গতকাল রাতে হাজার হাজার ফুটবল অনুরাগীর মতো আমিও ওটিটি প্ল্যাটফর্মগুলোকে ভরসা করে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে বসেছিলাম। কিন্তু খেলা দেখার বদলে আমরা দেখতে পেয়েছি ‘লোডিং আইকন’। হ্যাঁ, এটাই সত্যি। 

যখন আমি এক টেলিকম কোম্পানির মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম থেকে সাবস্ক্রিপশন নেয়ার চেষ্টা করছিলাম, তখন মোবাইলে ওটিপি আসতেই সময় লাগলো ৪০ মিনিট। এরপর পেমেন্ট লিংক পেতে সময় লাগলো আরও ৩০ মিনিট। শেষ পর্যন্ত যখন সাবস্ক্রাইব করে অ্যাপে ঢুকতে পারলাম, প্রতি আধ মিনিটে খেলা আটকে যাচ্ছিল। কিছু ক্ষেত্রে কয়েক মিনিট পর আবার খেলা চালু হয়েছে, আবার কিছু ক্ষেত্রে টানা ওই লোডিং আইকনই দেখিয়ে গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে আমি যখন আমার হতাশা প্রকাশ করলাম, লক্ষ্য করলাম আমার অন্য বন্ধুরাও একই প্রতিক্রিয়া দেখাচ্ছে। অন্য ওটিটি প্ল্যাটফর্মে যারা সাবস্ক্রিপশন কিনেছেন, তাদেরও একই অভিজ্ঞতাই হয়েছে। ফুটবল বিশ্বকাপের মতো এত বড় আসরের প্রথম ম্যাচ, অথচ দর্শকরা দুটি ওটিটি প্ল্যাটফর্মে ঢুকতেই পারলেন না। 

একটু খোলাসা করা যাক আসলে কী ঘটেছে। দুটি বিশাল টেলিকম কোম্পানির নিয়ন্ত্রণাধীন এই দুই প্ল্যাটফর্ম খেলা দেখানোর স্বত্ব কেনার জন্য বড় অংকের টাকা ব্যয় করেছে সন্দেহ নেই। প্রচারণার পেছনেও অনেক টাকা খরচ করেছে, এবং মানুষকে অগ্রিম সাবস্ক্রিপশন কেনার জন্য প্ররোচিতও করেছে। কিন্তু যেখানে বিনিয়োগ করা ও মনোযোগ দেয়ার সবচেয়ে বেশি দরকার ছিল, সেই অবকাঠামোতে তারা বিনিয়োগ করেনি। এবং এটির জন্য কোনো অজুহাতই যথার্থ হতে পারে না। বিশ্বকাপ কোনো হঠাৎ আবির্ভূত হওয়া ইভেন্ট নয়। চার বছর আগেই আমরা সবাই জানতাম কখন বিশ্বকাপ হবে। ওটিটি প্ল্যাটফর্মগুলোর ঠিক সময়ে পরিকল্পনা ও বিনিয়োগের অভাবে এত গ্রাহককে কাল বঞ্চিত হতে হলো। 

এখানেই আসে নীতি-নৈতিকতার প্রশ্ন। যখন একজন গ্রাহক অগ্রিম টাকা দিয়ে কোনো একটি সেবা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে, কিন্তু বিনিময়ে পায় কেবল বাফারিং, তখন সেটি প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। এবং এর পেছনে দায়ী দায়িত্বে অবহেলা এবং ঔদাসীন্য। কেবল কারিগরি ত্রুটির কথা বলে দায়মুক্তি হয় না এই ক্ষেত্রে। দুটি প্ল্যাটফর্মই চরমভাবে ব্যর্থ হয়েছে। 

এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তারা কি পরবর্তী ম্যাচ থেকে নিরবচ্ছিন্ন খেলা দেখার নিশ্চয়তা দেবে, না কি নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়ে গ্রাহকদের টাকা ফেরত দেবে? এর কোনোটিই যদি না ঘটে, সেটি হবে অগ্রহণযোগ্য। উপযুক্ত জবাবদিহিতা ছাড়াই যখন খেলা দেখানোর স্বত্ব পাওয়া যায়, তখন সেটি প্রতিশ্রুতি অনুযায়ী সেবা না দেওয়ার হাতিয়ার হয়ে ওঠে। 

বিশ্বকাপ চলবে কয়েক সপ্তাহব্যাপী। আমরা যারা ফুটবল ভক্ত আছি, তারা আবারও ফোন হাতে নিয়ে নির্বিঘ্নে খেলা দেখার আশা করব। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মগুলো কি সেই আশা পূরণ করবে?