ফিফা বিশ্বকাপ ২০২৬

কেইনের জোড়া গোলে বড় জয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ শুরু

স্পোর্টস ডেস্ক

হ্যারি কেইনের জোড়া গোল আর শেষ দিকে জুড বেলিংহাম ও মার্কাস র‍্যাশফোর্ডের দারুণ ফিনিশিং—টানটান উত্তেজনার ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করল ইংল্যান্ড। 

বুধবারের এই হাইভোল্টেজ ম্যাচটিতে আক্রমণ, প্রতি আক্রমণ হওয়ায় তা ফুটবলপ্রেমীদের প্রত্যাশা মিটিয়েছে পুরোপুরি।

২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ইংল্যান্ডকে বিদায় করেছিল ক্রোয়েশিয়া। সেই পুরোনো ইতিহাস মাথায় রেখেই গ্রুপ ‘এল’-এর এই ম্যাচটি ঘিরে কিক-অফের আগে থেকেই পারদ চড়ছিল উত্তেজনার।

ডালাস স্টেডিয়ামের ম্যাচটি অবশ্য কাউকেই হতাশ করেনি। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে ইংল্যান্ডকে সমানে সমানে টেক্কা দিচ্ছিল ক্রোয়েশিয়া। তবে ম্যাচের ৪৭ মিনিটে বেলিংহামের লক্ষ্যভেদে আবারও লিড নেয় থ্রি লায়নসরা। এরপর ৮৫ মিনিটে র‍্যাশফোর্ড জাল খুঁজে নিলে ক্রোয়েশিয়ার ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায়।

ডান প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে পড়েন বেলিংহাম। এরপর মাটি ঘেঁষা কোণাকুণি শটে বল পাঠান জালে, বলটি পোস্টের ভেতরের দিকে লেগে জড়িয়ে যায় জালে। গোল করার পর স্বভাবসুলভ ভঙ্গিতে দুই হাত প্রসারিত করে উল্লাসে মাতেন রিয়াল মাদ্রিদ তারকা।

এর কিছুক্ষণ পর বদলি খেলোয়াড় বুকায়ো সাকার চমৎকার পাস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন আরেক বদলি তারকা মার্কাস র‍্যাশফোর্ড।

ম্যাচ শেষে বেলিংহাম বলেন, 'যখনই মাঠে নামি এবং বুকে দেশের লোগো আর পিঠে ১০ নম্বর জার্সিটা থাকে, দলের জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া আমার দায়িত্ব।'

লিনেকারের রেকর্ডে কেইন

বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে বড় প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে পা রেখেছেন ৩২ বছর বয়সী হ্যারী কেইন। ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি থেকে ইংল্যান্ডকে লিড এনে দেন তিনি। ক্রোয়েশিয়ার সবচেয়ে তারকা লুকা মদ্রিচ ডি-বক্সে নোনি মাদুয়েকেকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

কিনের প্রথম শটটি ক্রোয়েশীয় গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ আটকে দিলেও, শট নেওয়ার আগেই তিনি গোললাইন ছেড়ে সামনে চলে আসায় পুনরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। দ্বিতীয় দফায় অবশ্য কোনো ভুল করেননি কেইন। গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।

তবে ম্যাচের ৩৬ মিনিটে দুর্দান্ত এক গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান মার্টিন বাতুরিনা। তার জোরালো ও নিখুঁত শটটি ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড হাত ছোঁয়ালেও জালে জড়ানো আটকাতে পারেননি। এই গোলের মাধ্যমে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ১০ ম্যাচে কোনো গোল না খাওয়ার ইংলিশ রেকর্ড ভাঙল।

৪২ মিনিটে দলকে আবারও এগিয়ে নেন কেইন। এই গোলের সুবাদে ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকারের বিশ্বকাপে ১০ গোলের রেকর্ড স্পর্শ করলেন ইংলিশ অধিনায়ক। ডেকলান রাইসের কর্নার থেকে আসা বলে আনমার্কড থাকা কেইন নিখুঁত টাইমিংয়ে হেডের সাহায্যে বল জালে পাঠান। এটি ইংল্যান্ডের জার্সিতে কেইনের ৮১তম গোল।

তবে ইংল্যান্ডের এই স্বস্তি স্থায়ী হয়েছিল মাত্র কয়েক সেকেন্ড। প্রথমার্ধের বাঁশি বাজার ঠিক আগে ইভান পেরিসিচের ফ্লিঁক থেকে বল পেয়ে পেতার মুসা গোল করলে ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।

কেইন ম্যাচ নিয়ে বলেন, ‘ম্যাচটি আসলে দুই অর্ধে দুই রকম হয়েছে। প্রথমার্ধের পর কোচ আমাদের বলেছিলেন, “হারলে হারব, কিন্তু আমরা আমাদের চেনা ছন্দ হারিয়ে ফেলছি।” দ্বিতীয়ার্ধে আমরা পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং ওরা আমাদের সেই গতির সঙ্গে পেরে ওঠেনি।’