লুইস দিয়াজের ঝলকে উজবেকিস্তানকে হারাল কলম্বিয়া
আব্বেসবেক ফয়জুল্লায়েভ ৬০ মিনিটে যখন উজবেকিস্তানকে সমতায় ফেরান, কলম্বিয়ান সমর্থকভর্তি গ্যালারি হয়ে যায় স্তব্ধ। তবে তাদের জাগতে সময় লাগেনি, মিনিট পাঁচেক পরই ঝলক দেখান লুইস দিয়াজ। এর আগে শুরুর গোলের সূত্রও ছিলেন তিনি। পিছিয়ে পড়া উজবেকেরা শেষ মুহূর্তে হজম করে আরেক গোল।
মেক্সিকো সিটিতে বিশ্বকাপের 'কে' গ্রুপের ম্যাচ প্রত্যাশিতভাবেই কলম্বিয়া জিতেছে ৩-১ গোলে। গোল করে, করিয়ে নায়ক দলটির তারকা দিয়াজ। দিয়েজের অ্যাসিস্টে কলম্বিয়ার প্রথম গোলটি করেন ড্যানিয়েল মুনোজ, দিয়াজ দলকে দ্বিতীয় দফায় এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ের একদম শেষ মুহুর্তে ব্যবধান বাড়ান লিয়ান্দ্রো লিয়ান্দ্রো কাম্পাস।
শুরু থেকেই কলম্বিয়া আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ৪১ মিনিটে একটি চমৎকার দলীয় কম্বিনেশন থেকে প্রথম গোলটি পায় তারা। হামেস রদ্রিগেসের পাস ধরে লুইস দিয়াজ বল বাড়িয়ে দেন বক্সে এবং রাইট ব্যাক হয়েও ড্যানিয়েল মুনোজ একজন জাত স্ট্রাইকারের মতো স্লাইডিং ফিনিশে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন। এর আগে দিয়াজের একটি জোরালো শট পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান তখনই দ্বিগুণ হতে পারত।
তবে বিরতির পর ইতালিয়ান কিংবদন্তি ফাবিও ক্যানাভারোর শিষ্যরা খোলস ছেড়ে বেরিয়ে আসে। ৬০ মিনিটে ম্যাচে আসে সেই রোমাঞ্চকর মুহূর্ত। কাউন্টার অ্যাটাক থেকে এলডোর শোমুরোদভ বক্সে ঢুকে একটি জোরালো শট নেন। কলম্বিয়ান গোলরক্ষক কামিলো ভারগাস সেটি পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে বল শূন্যে ভেসে যায়। সেখানে ওত পেতে থাকা আব্বেসবেক হেডে বল জালে জড়িয়ে উজবেকিস্তানকে ১-১ সমতায় ফেরান।
বিশ্বকাপের মতো মঞ্চে উজবেকদের এই প্রত্যাবর্তন গ্যালারিতে থাকা কলম্বিয়ান সমর্থকদের স্তব্ধ করে দিয়েছিল।
তবে সেই স্তব্ধতা কাটতে সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট। ৬৫ মিনিটে গুস্তাভো পুয়ের্তার পাস থেকে বল ধরে বক্সে ঢুকে পড়েন দিয়াজ। তার নেওয়া শটটি উজবেক গোলরক্ষক উতকির ইউসুপভ গ্লাভসে নিলেও সেটি ছিল অত্যন্ত দুর্বল চেষ্টা। তার হাত ফসকে ধীর গতিতে বল গোললাইন পার হয়ে গেলে ২-১ ব্যবধানে আবারও এগিয়ে যায় কলম্বিয়া।
ম্যাচের শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে অল-আউট আক্রমণে যায় উজবেকিস্তান। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা ৮ মিনিটের অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায় চরম উত্তেজনায়। উজবেকিস্তানের করিমভের একটি দূরপাল্লার শট কলম্বিয়ান গোলরক্ষককে পরাস্ত করলেও তা পোস্টে (ক্রসবার) লেগে ফিরে আসে।
ঠিক পরের মিনিটেই (৯৮ মিনিটে) সেই মিসের চড়া মাশুল দিতে হয় উজবেকিস্তানকে। মাঝমাঠ থেকে আসা একটি লং বল ধরে হুয়ান হার্নান্দেজ উজবেক ডিফেন্ডার উরুজোভের সঙ্গে শারীরিক শক্তিতে টেক্কা দিয়ে বক্সে ঢুকে পড়েন। এরপর চমৎকার এক পিন-পয়েন্ট ক্রসে বল বাড়িয়ে দেন হামিনতন কাম্পাসের উদ্দেশ্যে। ছুটে এসে বুলেট গতির হেডে বল জালে জড়াতে ভুল করেননি কাম্পাস।
এই ৩-১ গোলের জয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া, আর বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নামা উজবেকিস্তান লড়াই করেও মাঠ ছাড়ে বীরোচিত হারের বেদনা নিয়ে।