'শততম ম্যাচ বিশ্বকাপে খেলতে পারা বিশেষ কিছু'
ফ্রান্সের জার্সিতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন কিলিয়ান এমবাপে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ইতোমধ্যেই দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন তিনি। এবার ইরাকের বিপক্ষে ম্যাচে আরও একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ফরাসি অধিনায়ক। সোমবার নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন এই তারকা ফরোয়ার্ড।
ফিলাডেলফিয়ায় ইরাকের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমবাপে বলেন, 'নিজের দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া সবসময়ই আনন্দের। এর চেয়ে বড় কিছু নেই। একশ একটি ঐতিহাসিক সংখ্যা। আর বিশ্বকাপের মতো মঞ্চে এই মাইলফলকে পৌঁছাতে পারা আমার জন্য বিশেষ একটি ব্যাপার।'
ফ্রান্সের ইতিহাসে শত আন্তর্জাতিক ম্যাচ খেলা মাত্র দশম ফুটবলার হতে যাচ্ছেন এমবাপে। তবে এখনও অনেক দূরে রয়েছেন সাবেক অধিনায়ক ও গোলরক্ষক উগো লরিসের রেকর্ড থেকে। ফরাসি কিংবদন্তির জাতীয় দলের হয়ে ম্যাচ সংখ্যা ১৪৫।
তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এমবাপে, 'ম্যাচটির গুরুত্ব এবং এর ফলাফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জিততে হবে, কারণ জয় পেলেই আমরা পরের পর্বে চলে যাব।'
২০১৭ সালে মাত্র ১৮ বছর বয়সে ফ্রান্সের হয়ে অভিষেক হয়েছিল এমবাপের। এরপর থেকে আন্তর্জাতিক ফুটবলে যেন রেকর্ড ভাঙা-গড়ার নাম হয়ে উঠেছেন তিনি। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে অলিভিয়ে জিরুর ৫৭ গোলের রেকর্ড ভেঙে এখন তার নামের পাশে ৫৮টি আন্তর্জাতিক গোল।
বিশ্বকাপই মূলত এমবাপের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিচয় তৈরি করেছে। ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপজয়ী দলের অন্যতম তারকা ছিলেন তিনি। সেই আসরে করেছিলেন চার গোল। এরপর কাতার বিশ্বকাপে করেন আট গোল, যার মধ্যে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্মরণীয় হ্যাটট্রিকও ছিল। যদিও শেষ পর্যন্ত টাইব্রেকারে শিরোপা হারাতে হয়েছিল ফরাসিদের।
বিশ্বকাপে নিজের দায়িত্ব সম্পর্কে এমবাপে বলেন, 'আমি জানি বিশ্বকাপে খেলতে গিয়ে আমি ৬ কোটি ৭০ লাখের বেশি ফরাসি মানুষের প্রতিনিধিত্ব করছি। আমি শুধু দেশের ইতিহাসের অংশ হতে চাই।'
তবে নিজের সামর্থ্য নিয়ে এখনও সন্তুষ্ট নন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তার মতে, সেনেগালের বিপক্ষে জোড়া গোল করলেও সেটি তার প্রতিভার পুরোটা প্রকাশ করার জন্য যথেষ্ট নয়।
তিনি বলেন, 'আমি জানি আমার সামর্থ্য আছে। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে সেটি বারবার প্রমাণ করতে হয়। প্রথম ম্যাচে দুটি গোল করেছি, কিন্তু আমার প্রতিভার পুরোটা দেখানোর জন্য সেটি যথেষ্ট নয়।'
বিশ্বকাপে গোলের রেকর্ড নিয়েও কথা বলেছেন এমবাপে। বর্তমানে বিশ্বকাপে তার গোল সংখ্যা ১৪। জার্মানির মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড এবার ছুঁয়েছেন লিওনেল মেসি। সেই রেকর্ড থেকে মাত্র দুই গোল দূরে রয়েছেন এমবাপে।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি জানতাম লিও মেসি গোল করবে, সে সবসময়ই করে। রেকর্ড এখন তার দখলে। আমি তার ঠিক পেছনে আছি এবং গোল করার চেষ্টা চালিয়ে যাব। এতে আমি রেকর্ডের আরও কাছে পৌঁছাব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলকে যত দূর সম্ভব এগিয়ে নেওয়া।'
ভবিষ্যৎ নিয়েও কিছুটা রসিকতা করেছেন ফরাসি অধিনায়ক। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলার সম্ভাবনা উড়িয়ে না দিলেও বিশ্বকাপে ৪০ বছর বয়স পর্যন্ত খেলার ব্যাপারে তার অবস্থান পরিষ্কার।
ক্রিস্তিয়ানো রোনালদোর মতো চল্লিশের ঘরে গিয়েও বিশ্বকাপ খেলবেন কি না, এমন প্রশ্নে হাসতে হাসতে এমবাপে বলেন, 'আমি ৪০ বছর বয়স পর্যন্ত এটা করব না। তার আগেই আপনারা আমাকে বিদায় করে দেবেন।'