ঘুরে দাঁড়াতে চায় রোনালদোর পর্তুগাল
বিশ্বকাপ শুরুর আগে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছিল পর্তুগালকে। ক্রিস্তিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লেয়াওদের নিয়ে গড়া দলটিকে নিয়ে ছিল বড় প্রত্যাশা। কিন্তু প্রথম ম্যাচেই ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের হতাশাজনক ড্র সেই প্রত্যাশার আকাশে মেঘ জমিয়েছে। তাই উজবেকিস্তানের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি পর্তুগালের জন্য শুধু তিন পয়েন্টের লড়াই নয়, বরং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ারও সুযোগ।
ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন অধিনায়ক রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড গোল তো পানইনি, বরং পুরো ম্যাচেই ছিলেন নিষ্প্রভ। বড় কোনো টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ ধরে গোলহীন থাকায় আবারও শুরু হয়েছে তার একাদশে থাকা নিয়ে আলোচনা।
তবে রোনালদোর পাশে দৃঢ়ভাবেই দাঁড়িয়েছেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সে আমাদের সবার জন্য একটি দারুণ উদাহরণ। সে প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে চায় এবং দলের জন্য অবদান রাখতে চায়। সে আমাদের দলের আদর্শ।'
তবে সমর্থকদের কৌতূহল বাড়িয়ে মার্তিনেজ নিশ্চিত করেননি যে উজবেকিস্তানের বিপক্ষে রোনালদো শুরুর একাদশে থাকবেন কি না। তিনি জানান, ম্যাচের দল এখনও খেলোয়াড়দেরও জানানো হয়নি।
প্রথম ম্যাচের হতাশাকে প্রেরণায় পরিণত করতে চাইছেন পর্তুগিজ কোচ। তার বিশ্বাস, ডিআর কঙ্গোর বিপক্ষে পয়েন্ট হারানোর কষ্টই দলকে আরও ক্ষুধার্ত করে তুলবে। মার্তিনেজ বলেন, 'ম্যাচের পর আমরা সবাই হতাশ ছিলাম। কিন্তু সেই হতাশাই পরবর্তী ম্যাচের প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো সূচনা হতে পারে।'
অন্যদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া উজবেকিস্তানও সহজ প্রতিপক্ষ নয়। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারলেও লড়াই করেছে তারা। ফলে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই পর্তুগালের সামনে।