ব্যর্থতা স্বীকার করলেন উরুগুয়ের আর্জেন্টাইন কোচ বিয়েলসা

স্পোর্টস ডেস্ক

দুই বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও ৪৮ দলের বিশ্বকাপে গ্রুপ পর্ব পার হতে পারেনি উরুগুয়ে। গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে না পারার ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন দলটির আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা। কোনো রকম রাখঢাক না রেখেই স্বীকার করেছেন তিনি আসলে উরুগুয়ের ফুটবলে 'কিছুই রেখে যাননি'।

অভিজ্ঞ এই আর্জেন্টাইন কোচের ধরন কিছুটা পাগলাটে। তার অনুশীলন মেথডে খাপ খাওয়াতে পারেন না ফুটবলাররা। অভিযোগ আছে, এবার ফুটবলারদের তিন বেলা অনুশীলন করিয়ে ক্লান্ত করেছেন তিনি।  ২০০২ সালে আর্জেন্টিনাকে নিয়েও তার বিদায় হয়েছিল গ্রুপ পর্বে।

স্পেনের কাছে ১-০ গোলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে লা সেলেস্তেদের (উরুগুয়ে) বিদায় নিশ্চিত হয় এবং ম্যানেজার হিসেবে ব্যর্থতার পুরো দায় নিজের কাঁধে তুলে নেন তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এক হতাশ বিয়েলসা বলেন, 'উরুগুয়ের ফুটবলকে আমি যা দিয়েছি তা কিছুই না, কারণ ইতিবাচক ফলাফল ছাড়া তিন বছর ধরে জাতীয় দলের পেছনে একজন কোচের যেকোনো অবদানই বৃথা।'

তিনি আরও যোগ করেন, 'যদি জিজ্ঞেস করেন তারা আমাকে কীভাবে মনে রাখবে, তবে তারা আমাকে এমন একজন হিসেবেই মনে রাখবে যে আসলে কিছুই রেখে যায়নি।'

এই বিদায়ের মাধ্যমে বিয়েলসার তিন বছরের মেয়াদের একটি বিশৃঙ্খল অবসান ঘটল, যা দলের ভেতরের কলহ এবং কাঠামোগত উত্তেজনার খবরের কারণে আগে থেকেই মেঘাচ্ছন্ন ছিল।

বিয়েলসা বলেন, 'সাংবাদিক, উরুগুয়ের সমর্থক—আপনারা সবাই যা ঘটেছে তার জন্য আমাকেই দোষারোপ করতে চান, এবং আমাকে অবশ্যই সেই দোষ মেনে নিতে হবে। এটাই একমাত্র সঠিক কাজ।'

'আমাকে অত্যন্ত যোগ্য খেলোয়াড়দের একটি দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং আমি কেবল তাদের থেকে সেরাটা বের করে আনতে ব্যর্থ হয়েছি।'

সৌদি আরব ও কেপ ভার্দের সঙ্গে ড্র করার পর স্পেনের কাছে হার। উরুগুয়ে গ্রুপ এইচ-এ তৃতীয় স্থানে থেকে শেষ করে। মাত্র দুই পয়েন্ট অর্জন করতে পেরেছিল দক্ষিণ আমেরিকার দল। স্পেনের বিপক্ষে ড্র করতে পারলেও পরের রাউন্ডে যেতে পারত তারা।

টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পেছনে রক্ষণভাগের ভুলের কথা উল্লেখ করে তিনি বলেন, 'ফুটবলে ভুল হয়েই থাকে। কিছু ভুল আমাদেরও ছিল, এবং আমরা কতগুলো সুযোগ তৈরি করেছি, কয়টি গোল দিয়েছি আর কয়টি গোল খেয়েছি—তার মধ্যে একটি গ্রহণযোগ্য ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়েছি।'

'কিন্তু এই পরিস্থিতির মধ্যেও... মাঠে আমরা যা অর্জন করেছি, সেই বিচারে আমরা সাত পয়েন্টেরই যোগ্য ছিলাম।'