ইতিহাস বলছে, জাপানের বিপক্ষে জিতবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। সোমবার হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে শেষ বত্রিশের খেলাটি।

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও রেকর্ড চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপানের মধ্যে জমজমাট লড়াই দেখার অপেক্ষায় আছেন ফুটবলপ্রেমীরা। ম্যাচের আগে কথার লড়াইয়ে ছড়িয়েছে উত্তাপ। জাপানের স্ট্রাইকার কেন্তো শিওগাই এটা বলে ঝড় তুলেছেন যে, ব্রাজিলের সেই সুদিন আর নেই এবং নেইমার সেরা সময় পার করে এসেছেন।

তবে বিষয়টি ভালোভাবে নেননি ব্রাজিলের ডিফেন্ডার মার্কিনিয়োস। তিনি ক্ষোভ প্রকাশ করে পাল্টা জবাব দিয়েছেন, এসব বলে জাপানিরা তাদেরকে আরও তাতিয়ে দিচ্ছেন এবং তারা মাঠের পারফরম্যান্স দিয়েই দেখিয়ে দিতে চান।

সব মিলিয়ে উত্তেজনাপূর্ণ একটি দ্বৈরথেরই আভাস মিলছে। তবে মাঠের লড়াইয়ের আগে ইতিহাস বলছে, এই ম্যাচে জাপানের বিপক্ষে জিতবে ব্রাজিল।

কেন? ব্যাখ্যা করা যাক। এখন পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে চারবার এশিয়ার দলগুলোর মুখোমুখি হয়ে চারটিতেই জিতেছে সেলেসাওরা। এর মধ্যে জাপানের বিপক্ষে একটি জয়ও আছে। এই ম্যাচগুলোতে ১৪ গোল করার বিপরীতে তারা হজম করেছে ৩ গোল।

জাপান ও দক্ষিণ কোরিয়ায় যৌথভাবে আয়োজিত ২০০২ সালের আসরে প্রথমবারের মতো কোনো এশিয়ার দলকে মোকাবিলা করেছিল ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ ছিল চীন। রবার্তো কার্লোস, রিভালদো, রোনালদিনিয়ো ও রোনালদোর লক্ষ্যভেদে ৪-০ গোলের সহজ জয় পেয়েছিল তারা।

চার বছর পর জার্মানির মাটিতে গ্রুপ পর্বের ম্যাচেই জাপানকেও উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। কেইজি তামাদার গোলে জাপান লিড নিলেও ঘুরে দাঁড়িয়ে নিজেদের মেলে ধরে তারা। রোনালদো করেছিলেন জোড়া গোল। জুনিনিয়ো ও জিলবার্তো একবার করে জাল খুঁজে নেওয়ায় ৪-১ ব্যবধানে জিতেছিল সেলেসাওরা।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ সালের বিশ্বকাপে উত্তর কোরিয়ার সঙ্গে একই গ্রুপে ছিল ব্রাজিল। মাইকন ও এলানোর লক্ষ্যভেদে ২-১ গোলে জিতেছিল তারা। উত্তর কোরিয়ার হয়ে শেষদিকে ব্যবধান কমিয়েছিলেন জি ইউন-নাম।

আর সবশেষ কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে গুঁড়িয়ে দেয় ব্রাজিল। প্রথমার্ধেই ম্যাচের ফয়সালা হয়ে যায় ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন, নেইমার ও লুকাস পাকেতা জাল খুঁজে নেওয়ায়। বিরতির পর পাইক সিউং-হোর গোলে কেবল ব্যবধানই কমাতে পারে দক্ষিণ কোরিয়া।

তবে পরিসংখ্যান বিপক্ষে থাকলেও জাপান অনুপ্রেরণা নিতে পারে দুই দলের সাম্প্রতিক লড়াই থেকে। গত অক্টোবরে ঘরের মাঠে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে স্মরণীয় জয় পেয়েছিল তারা। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছিল জাপান। জয়সূচক গোলটি করেছিলেন রিতসু দোয়ান।

ব্রাজিলের সঙ্গে এখন পর্যন্ত ১৪ বারের দেখায় জাপানের জয় এই একটিই। আধিপত্য দেখিয়ে ১১টিতেই জিতেছে সেলেসাওরা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।