সাডেন ডেথে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করল প্যারাগুয়ে
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও আলাদা করা গেল না কোনো দলকে। অবধারিতভাবে খেলা গড়াল টাইব্রেকারে। দুই দলের পাঁচটি করে শট শেষেও বজায় থাকল সমতা! অচলাবস্থা ভাঙল সাডেন ডেথে গিয়ে— জার্মানির জোনাথান টাহ বল উড়িয়ে মারলেও ভুল করলেন না হোসে কানালে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে বিদায় করে দিল প্যারাগুয়ে!
বোস্টনে মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে টাইব্রেকারে গড়ানো রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট কেটেছে প্যারাগুয়ে। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। পেনাল্টি শুটআউটে জার্মানির দুটি শট ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্দো হিল।
১৬ বছর পর বিশ্বমঞ্চে ফেরা লাতিন আমেরিকা দলটি জন্ম দিয়েছে এবারের আসরের সবচেয়ে বড় অঘটনের। ফলে গত দুবার গ্রুপ পর্বেই ছিটকে যাওয়া জার্মানরা এবারও বেশিদূর যেতে পারল না। শুধু তাই নয়, বিশ্বকাপে পাঁচবার টাইব্রেকারে গিয়ে এটা তাদের প্রথম হারের তেতো অভিজ্ঞতা। আগের চারটিতেই জিতেছিল তারা।
শুরু থেকে বল দখলে পিছিয়ে থাকা প্যারাগুয়ে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায়। ৪২তম মিনিটে হেড থেকে গোল করেন হুলিও এনসিসো। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই অবশ্য সমতায় ফেরে জার্মানি। ৫৪তম মিনিটে হেড থেকেই জাল খুঁজে নেন কাই হাভার্টজ।
এরপর আর হিলের তৈরি করা বাধার অটল দেয়ালে ফাটল ধরাতে পারেনি ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা। বিশেষ করে, অতিরিক্ত সময়ে তিনি হয়ে ওঠেন অতিমানব। টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে নায়ক বনে যাওয়ার আগে ম্যাচে ছয়টি সেভ করেন ২৬ বছর বয়সী হিল।
টাইব্রেকারে প্রথমে শট নেয় জার্মানি। তাদেরকে হতাশ করে হাভার্টজের প্রচেষ্টা রুখে দেন হিল। পরের দুটি শটে জাল খুঁজে নেন ইয়োশুয়া কিমিখ ও জামাল মুসিয়ালা। অন্যদিকে, প্যারাগুয়ের প্রথম তিনটি শটই ভেদ করে নিশানা।
চতুর্থ শটে আবারও ধাক্কা খায় জার্মানরা। নিক ভোল্টেমাডার স্পট কিকও ঝাঁপিয়ে ফিরিয়ে দেন হিল। ফলে প্যারাগুয়ের সামনে দাঁড়ায় পরের শটে গোল করে জয় নিশ্চিতের সুযোগ। কিন্তু গড়বড় করে বল বাইরে মেরে বসেন আন্তোনিও সানব্রিয়া। পঞ্চম শটে জার্মানির নাদিম আমিরি জাল কাঁপানোর পর ফের ম্যাচ শেষ করার সুযোগ পায় প্যারাগুয়ে। তবে এই দফায় ফাবিয়ান বালবুয়েনার শট রুখে দেন অভিজ্ঞ মানুয়েল নয়্যার, ৩-৩!
খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে টাহের মিসের পর কানালে বল জালে পাঠালে জার্মানির হৃদয় ভাঙে। নয়্যার পরাস্ত হতেই কানালে দেন ছুট! মাঝমাঠ থেকে দৌড়ে যান তার সতীর্থরা। বাধভাঙা উচ্ছ্বাসে একে একে কানালের ওপর ঝাঁপিয়ে পড়েন সবাই।
এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ১২০ মিনিটের ৭৫ শতাংশ সময় বল দখলে রাখে জার্মানি। তাদের নেওয়া ২১টি শটের ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে, প্যারাগুয়ে সাতটি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে।
১০২তম মিনিটে নাথানিয়েল ব্রাউনের কর্নারে হেড করে বল জালে পাঠিয়েছিলেন টাহ। কিন্তু এর ঠিক আগে প্যারাগুয়ের গোলরক্ষক হিলকে ভালডেমার অ্যান্টন ফেলে দেওয়ায় ভিএআরের সাহায্য নিয়ে রেফারি বাতিল করেন গোলটি। পরে হিলই গড়ে দেন পার্থক্য।