ট্রাম্পের ফোনেই স্থগিত হলো বালোগুনের নিষেধাজ্ঞা?

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য ফিফার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন। রোববার রাতে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এমন খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে গত বৃহস্পতিবার সানফ্রান্সিসকোতে যুক্তরাষ্ট্র ২-০ গোলে হারায় বসনিয়া ও হার্জেগোভিনাকে। সেদিন তাদের হয়ে প্রথম গোলটি করা বালোগুন প্রতিপক্ষের তারিক মুহারেমিভিচের ডান গোড়ালিতে পা দিয়ে আঘাত করেন। ফলে তাকে ভিএআরের সাহায্য নিয়ে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

এতে বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্রের শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে ফর্মে থাকা এই ফরোয়ার্ডের এক ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারই ইনফান্তিনোকে ফোন দিয়েছিলেন ট্রাম্প। এরপর রোববার বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। ফলে এবারের আসরের সহ-আয়োজক দলটির হয়ে বেলজিয়ামের বিপক্ষে খেলতে তার আর কোনো বাধা নেই।

এক বিবৃতিতে ফিফা জানায়, ‘ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ম্যাচ নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তটি এক বছরের পর্যবেক্ষণমূলক সময়ের জন্য স্থগিত রাখা হলো।’

সেখানে আরও বলা হয়, ‘এই পর্যবেক্ষণমূলক সময়ের মধ্যে বালোগুন যদি একই ধরনের এবং সমমাত্রার কোনো নিয়ম লঙ্ঘন করেন, তবে এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে এবং পূর্বের শাস্তি কার্যকর করা হবে। পাশাপাশি নতুন অপরাধের জন্য অতিরিক্ত শাস্তিও এর সাথে যুক্ত হতে পারে।’

এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ফিফাকে ধন্যবাদ জানান। তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং একটি বড় অবিচারকে বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!’

স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন চলতি বিশ্বকাপে তাদের শীর্ষ গোলদাতাকে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে খেলার অনুমতি দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটি গোল করে দুবার ম্যাচসেরাও হয়েছেন ২৫ বছর বয়সী বালোগুন।