বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধুয়ে দিল উয়েফা

স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সংস্থাটির দাবি, এই সিদ্ধান্তের মাধ্যমে ‘মাত্রা ছাড়িয়ে গেছে’ ফিফা এবং এটি ফুটবলের ন্যায়বিচার ও বিশ্বাসযোগ্যতার জন্য বিপজ্জনক নজির।

সোমবার এক বিবৃতিতে উয়েফা কড়া ভাষায় জানায়, 'এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা এক বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত করার সিদ্ধান্ত মাত্রা অতিক্রম করেছে। ফুটবল, অন্য যেকোনো খেলার মতোই, নিয়মের ওপর দাঁড়িয়ে আছে। এই নিয়মই সুষ্ঠু, সৎ ও স্বচ্ছ প্রতিযোগিতার ভিত্তি। অনেক সময় নিয়মের ব্যাখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু এই ঘটনায় তেমন কোনো সুযোগ ছিল না।'

উয়েফা আরও সতর্ক করে বলেছে, বিশ্বকাপের মতো আসরে এমন সিদ্ধান্ত পুরো ফুটবলের ওপর দীর্ঘমেয়াদি ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

'ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা, কারণ এটি সুন্দর একটি খেলা এবং সবাই বিশ্বাস করে যে পৃথিবীর সব জায়গায় একই নিয়মে এটি পরিচালিত হয়। বিশ্বকাপ কখনোই বিচ্ছিন্ন কোনো টুর্নামেন্ট নয়। এখানে নেওয়া সিদ্ধান্ত পুরো ফুটবলের ওপর প্রভাব ফেলে। এমন নজিরবিহীন, দুর্বোধ্য ও অযৌক্তিক সিদ্ধান্তে আমরা বিস্মিত।'

বালোগানের নিষেধাজ্ঞা নিয়ে বিতর্কের শুরু শেষ বত্রিশের ম্যাচে। বসনিয়া ও হার্জেগোভিনার এক ডিফেন্ডারের পায়ের ওপর পা দেওয়ায় ভিডিও রিভিউ শেষে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। ম্যাচটি ২-০ গোলে জিতেছিল যুক্তরাষ্ট্র।

ফিফার নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ড দেখলে পরের ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হয়। ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বালোগুনের খেলা সম্ভব নয় বলেই ধরে নেওয়া হয়েছিল।

তবে পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে শাস্তিটি পুনর্বিবেচনার অনুরোধ জানান বলে একাধিক সূত্র জানিয়েছে। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও প্রকাশ্যে লাল কার্ড প্রত্যাহারের আহ্বান জানান।

এরপর ফিফার শৃঙ্খলা কমিটি বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ফলে তিনি বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলার অনুমতি পান। তবে এই সিদ্ধান্তের কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, 'সঠিক কাজ করার জন্য এবং একটি বড় অন্যায় সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ।

ফিফার এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন বেলজিয়াম কোচ রুদি গার্সিয়াও। ব্যঙ্গ করে তিনি বলেন, 'আমি জানতামই না, ফিফা বিশ্বকাপে এখন ৫ জুলাই মানেই ১ এপ্রিল! অর্থাৎ আজ বুঝি "এপ্রিল ফুল" দিবস!'