নারী বিশ্বকাপে ৭ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন কিং
আইসিসি নারী বিশ্বকাপের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়লেন লেগ স্পিনিং অলরাউন্ডার অ্যালানা কিং। জাদুকরি বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটের সহজ জয় পাইয়ে দিতে মূল ভূমিকা রাখলেন তিনি।
শনিবার ভারতের ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচে কিং ৭ ওভারে দুটি মেডেনসহ মাত্র ১৮ রান খরচায় ৭ উইকেট নেন। তার দুর্দান্ত পারফরম্যান্সে নাকাল হওয়া দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ৩২ রান থেকে ২৪ ওভারে স্রেফ ৯৭ রানে গুটিয়ে যায়। এরপর অস্ট্রেলিয়া সহজেই লক্ষ্য তাড়া করে ফেলে ৩ উইকেট খুইয়ে ও ১৯৯ বল হাতে রেখে।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে মাত্র ষষ্ঠবার কেউ ৭ উইকেট নিলেন, আর অস্ট্রেলিয়ার হয়ে তৃতীয়বারের মতো। তবে নারী বিশ্বকাপে আগে কখনও কোনো বোলার এক ম্যাচে ৭ উইকেট পাননি। কিং ভেঙে দিলেন ১৯৮২ সালের আসরে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের জ্যাকি লর্ডের ১০ রানে ৬ উইকেট পাওয়ার কীর্তি।
এই জয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপের লিগ পর্ব শেষ করল পয়েন্ট তালিকার শীর্ষে থেকে। সাত ম্যাচে তাদের অর্জন ১৩ পয়েন্ট। তারা নবি মুম্বাইয়ে আগামী বৃহস্পতিবার চতুর্থ স্থান পাওয়া স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা আগের দিন বুধবার প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে গুয়াহাটিতে।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরতে ওপেনার লরা উলভার্ট ছিলেন উজ্জ্বল। সপ্তম ওভারে মেগান শাটের বলে কিংকে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৬ বলে সাতটি চারে করেন ৩১ রান। আরেক ওপেনার ট্যাজমিন ব্রিটস এলবিডব্লিউ হন পাওয়ারপ্লের শেষ ওভারে। এরপর দ্বাদশ ওভারে আক্রমণে গিয়েই কিং পাঁচ বলের মধ্যে দুটি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ৪২ থেকে আচমকা ৪ উইকেটে ৪৩ রানের দলে পরিণত হয়।
এই চাপ ধরে রেখে প্রতিপক্ষকে পুরোপুরি ধসিয়ে দেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জ্বলে ওঠা কিং নেন বাকি ৬ উইকেটের মধ্যে পাঁচটি— শুধু একটি উইকেট যায় অ্যাশলি গার্ডনারের ঝুলিতে। ফলে দক্ষিণ আফ্রিকা এবারের আসরে দ্বিতীয়বার ১০০ রানের নিচে গুটিয়ে যায়। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়েছিল তারা।
অস্ট্রেলিয়া রান তাড়ায় শুরুতে কিছুটা বিপাকে পড়লেও তা দ্রুত সামলে জয় তুলে নেয়। ১১ রানে ২ উইকেট হারানোর পর ৭৬ রানের জুটি গড়েন জর্জিয়া ভল ও বেথ মুনি। ৪১ বলে ছয়টি চারে ৪২ রান করে মুনি আউট হলেও ওপেনার ভল ৩৮ বলে সাতটি চারে ৩৮ রানে অপরাজিত থাকেন।
নারী বিশ্বকাপ ইতিহাসে সেরা বোলিং ফিগার:
অ্যালানা কিং (অস্ট্রেলিয়া) – ৭/১৮ বনাম দক্ষিণ আফ্রিকা (২০২৫)
জ্যাকি লর্ড (নিউজিল্যান্ড) – ৬/১০ বনাম ভারত (১৯৮২)
গ্লেনিস পেজ (নিউজিল্যান্ড) – ৬/২০ বনাম ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো (১৯৭৩)
সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড) – ৬/৩৬ বনাম দক্ষিণ আফ্রিকা (২০২২)
আনিয়া শ্রাবসোল (ইংল্যান্ড) – ৬/৪৬ বনাম ভারত (২০১৭)।