বিশ্বকাপ দলে বদল আনল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

চোটের সঙ্গে লড়াইয়ে পেরে উঠলেন না শ্রীলঙ্কার পেসার ইশান মালিঙ্গা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গেল তার।

ইংল‍্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে খেলার সময় গত রোববার চোট পান মালিঙ্গা। এরপর থেকেই শঙ্কা ছিল তার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই সত্যি হলো।

ইশানের জায়গায় বিশ্বকাপের দলে ফেরানো হয়েছে প্রমোদ মাদুশানকে। ৩২ বছর বয়সী এই পেসারকে লঙ্কানদের জার্সিতে শেষবার টি-টোয়েন্টিতে দেখা গেছে প্রায় তিন বছর আগে। এই সংস্করণে ১৬টি ম্যাচের সবশেষটি তিনি খেলেছেন ২০২৩ সালের এপ্রিলে।

বিশ্বকাপের মূল স্কোয়াডে কোনো বদলি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে হলে ইভেন্ট টেকনিক্যাল কমিটির সবুজ সংকেতের প্রয়োজন হয়। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, মাদুশানকে দলে নেওয়ার জন্য সেই প্রয়োজনীয় অনুমতি পাওয়া গেছে।

বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা রয়েছে 'বি' গ্রুপে। তাদের সঙ্গীরা হলো অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান। আগামীকাল রোববার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরে নিজেদের অভিযান শুরু করবে তারা।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুসল পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পবন রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা ও প্রমোদ মাদুশান।