ভারতের বিপক্ষে মহারণের আগে ‘আত্মবিশ্বাসী’ পাকিস্তান
দীর্ঘ অনিশ্চয়তা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ লড়াই। আইসিসি ও পিসিবির মধ্যকার টানাপোড়েন মিটে যাওয়ার পর আগামী রবিবারের এই মহারণকে সামনে রেখে দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তান শিবির। মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে নিজেদের প্রস্তুতির কাজটা ভালোভাবেই সেরে রেখেছে তারা।
ইসলামাবাদ সরকার ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার মাত্র ২৪ ঘণ্টার মাথায় কলম্বোর ম্যাচটি নিয়ে নতুন উন্মাদনা শুরু হয়েছে। গ্রুপ-এ’র ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলে জয়ের নায়ক সাহিবজাদা ফারহান বলেন, ‘ম্যাচটি হচ্ছে এবং আমরা এখন পুরোপুরি আত্মবিশ্বাসী মেজাজে আছি।’
পরিসংখ্যান অবশ্য পাকিস্তানের বিপক্ষে কথা বলছে। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে তাদের রেকর্ড বেশ ম্লান। টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবারের দেখায় তারা জিতেছে মাত্র একটিতে। আর ৫০ ওভারের বিশ্বকাপে আটবারের সবকটিতেই হারতে হয়েছে তাদের।
তবে এসব পুরনো রেকর্ড নিয়ে ভাবতে নারাজ পাক স্পিনার তারিক উসমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭ রানে ৩ উইকেট নেওয়া এই বোলার বলেন, ‘নব্বইয়ের দশকে আমরা ভারতকে নিয়মিত হারাতাম। তাই শুধু সাম্প্রতিক রেকর্ড দেখলে চলবে না।’
ওপেনার ফারহানও সুর মেলালেন তারিকের সঙ্গে। তার দাবি, গত এশিয়া কাপে ভারতের কাছে হারলেও লড়াই হয়েছিল সমানে সমান। এবার তারা আরও শক্তিশালী পারফরম্যান্স দেখাতে মুখিয়ে আছেন। নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দুই জয়ে টুর্নামেন্টে দারুণ শুরু পেয়েছে পাকিস্তান।