ধোনিতে অনুপ্রাণিত তারিকই ভারতের বিপক্ষে পাকিস্তানের ‘এক্স-ফ্যাক্টর’

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের উসমান তারিক এক সময় ক্রিকেট খেলার স্বপ্ন বিসর্জন দিয়ে দুবাইয়ে সেলসম্যান হিসেবে চাকরি শুরু করেছিলেন। কিন্তু ভারতের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে নির্মিত একটি বায়োপিক তার জীবনের মোড় বদলে দেয়।

নিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে এই অফ স্পিনারের অদ্ভুত বোলিং অ্যাকশন ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আগামী রোববার 'এ' গ্রুপের বহুল প্রতীক্ষিত লড়াইয়ে তিনি ভারতের বিপক্ষে পাকিস্তানের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে মাঠে নামবেন।

তারিকের অনুপ্রেরণার উৎস ভারতে জন্ম নেওয়া একজন ব্যক্তিত্ব। ২৮ বছর বয়সী এই বোলার নিজেই বলেছেন যে, ২০১৬ সালের বলিউড সিনেমা 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' না দেখলে হয়তো তিনি এখন ক্রিকেট মাঠেই থাকতেন না।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এই চলচ্চিত্রটি জেদ, ব্যর্থতা ও শেষ পর্যন্ত সাফল্যের গল্প তুলে ধরেছে। এটিই তারিককে বিশ্বাস করতে শিখিয়েছিল যে, স্বপ্ন তাড়া করার জন্য কোনো নির্দিষ্ট বয়সের সীমা নেই।

ধোনির সেই বায়োপিক কীভাবে তার সবকিছু বদলে দিয়েছিল, তা বার্তা সংস্থা এএফপিকে শুনিয়েছেন তারিক। তিনি বলেছেন, 'আমি ক্রিকেটে নাম কামানোর আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু একদিন এই সিনেমাটি দেখার পর আমি আত্মবিশ্বাস পাই যে, আমিও চাইলে এমন কিছু করতে পারি।'

এরপর দুবাইয়ের চাকরি ছেড়ে একজন 'রহস্যময় স্পিনার' হিসেবে নিজেকে গড়ে তুলতে বিশ্বজুড়ে চষে বেড়ান তারিক। গত বছরের নভেম্বরে জাতীয় দলে অভিষেকের পর তিনি অল্প দিনেই পাকিস্তানের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠার পথে আছেন।

পাকিস্তানের অধিনায়ক সালমান আগা জোর দিয়ে বলেছেন, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তারিক তাদের বিশেষ এক অস্ত্রে পরিণত হবেন। দেশটির সরকার শুরুতে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের নির্দেশ দিলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদল করায় সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

টুর্নামেন্ট শুরুর আগে সালমান বলেছিলেন, 'তারিক আমাদের এক্স-ফ্যাক্টর ও গুরুত্বপূর্ণ অস্ত্র।' তার বোলিং অ্যাকশনটি যেন প্রতিপক্ষের কাছে রহস্যময় থাকে, সেজন্য পাকিস্তান তাকে খুব বেছে বেছে ও কৌশলগতভাবে ব্যবহার করছে।

আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর তারিক চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছেন। এর মধ্যে রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি হ্যাটট্রিকও রয়েছে তার ঝুলিতে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপে নিজের অভিষেকে ম্যাচে তিনি নেন ২৭ রানে ৩ উইকেট।