আইসিসির প্রতিনিধি আসছেন আজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আইসিসির একজন প্রতিনিধি আজ শনিবার ঢাকায় পৌঁছাবেন। বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

গতকাল শুক্রবার সংবাদমাধ্যমকে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, 'আমরা একটা মেইল দিয়েছি, উনারা (আইসিসি) উত্তর দিয়েছেন, আমরা আবার মেইল দিয়েছি। তারপরে একটা জুম মিটিং হয়েছে। জুম মিটিংয়ের পরে এখন উনারা বলছেন যে, সামনাসামনি বসে আলাপ করতে চান। কিন্তু আপনারা জানেন যে, আমাদের স্ট্যান্ড একটাই। আমরা সেখান থেকে নড়ে যাইনি।'

তিনি যোগ করেন, 'পুরো প্রোগ্রামটা আসলে প্রেসিডেন্ট সাহেব (আমিনুল ইসলাম বুলবুল) জানেন। প্রেসিডেন্ট সাহেব, ভাইস-প্রেসিডেন্ট উনারা বসবেন। আমরা আশা করছি, ভালো একটি ফল পাব।'

নিরাপত্তার কারণ দেখিয়ে গত ৪ জানুয়ারি বিসিবি আইসিসিকে অনুরোধ করেছিল যেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়া হয়। এরপর গত মঙ্গলবার আইসিসির সঙ্গে এক ভিডিও কনফারেন্সেও বিসিবি তাদের অবস্থানে অনড় ছিল, যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বলেছিল।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আইসিসির প্রতিনিধির সঙ্গে এই বৈঠকে সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকতে পারেন। ইফতেখার সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়ে বলেন, 'অবশ্যই, ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠক হবে এবং সম্ভবত আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ও সেখানে যুক্ত থাকবে।'

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে আইসিসি সকল অংশগ্রহণকারী দলের প্রতি তাদের দায়বদ্ধতার কথা তুলে ধরে বিসিবিকে রাজি করানোর চেষ্টা করবে। অন্যদিকে, বিসিবিও আশাবাদী যে, তারা তাদের উদ্বেগের বিষয়টি আইসিসিকে সঠিকভাবে বুঝিয়ে বলতে পারবে।