সংরক্ষিত নারী আসন

মনিরা শারমিন ছাড়া ১১ দলের ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

স্টার অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিরোধীদলীয় জোটের মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। এছাড়া বাকি ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।

আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) মিলনায়তনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই সিদ্ধান্ত দেন।

গতকাল মঙ্গলবার ছিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৫০টি সংরক্ষিত আসনের বিপরীতে পাঁচটি রাজনৈতিক দলের ৫৩ জন প্রার্থী ইসিতে মনোনয়নপত্র জমা দেন। 

আজ দুপুর দুইটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়।

ইসির যাচাই কার্যক্রমে উঠে আসে, এনসিপির মনিরা শারমিন তার মনোনয়নপত্রে রিটার্নিং দাখিলের নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু কবে, কোন সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন, তার বিস্তারিত তথ্য উল্লেখ করেননি। 

এসব তথ্য না থাকায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় দিয়ে মনিরার মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। 

মনিরা শারমিনের উদ্দেশে মঈন উদ্দীন খান বলেন, ‘আপনি কাল দুপুর ১২টার মধ্যে কাজগপত্র দাখিল করবেন। এরপর সিদ্ধান্ত দেওয়া হবে।’

‘উপস্থাপিত তথ্যের ভিত্তিতে জামায়াত জোটের ১২ জনের মনোনয়ন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। তথ্যে অস্পষ্টতা থাকায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে,’ বলেন এই রিটার্নিং কর্মকর্তা।