লেবাননের সঙ্গে দ্রুত সরাসরি আলোচনা শুরু হবে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি তার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিব্রু ভাষায় এক্সে পোস্ট করা এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সরাসরি আলোচনা শুরুর জন্য লেবাননের কাছ থেকে বারবার আহ্বানের পরিপ্রেক্ষিতে বুধবার মন্ত্রিসভাকে এই নির্দেশ দেওয়া হয়।
তিনি জানান, আলোচনায় হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের বিষয়টি গুরুত্ব পাবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালায়। এর পরিপ্রেক্ষিতে ইরানের মিত্র লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ তেহরানের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করে। যার ফলে ইসরায়েল-লেবাননের মধ্যে নতুন যুদ্ধের শুরু হয়।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পর মধ্যস্থতাকারী পাকিস্তান ও ইরান দাবি করে—এই যুদ্ধবিরতি লেবাননসহ সংঘাতপূর্ণ সব ফ্রন্টের জন্যই প্রযোজ্য।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেন, এই যুদ্ধবিরতির আওতায় লেবানন পড়বে না।
মার্কিন প্রেসিডেন্ট লেবাননের সংঘাতকে একটি 'পৃথক যুদ্ধ' বা আলাদা লড়াই হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছেন।
এর ফলে, যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই লেবাননের রাজধানী বৈরুত, বেকা উপত্যকাসহ লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত অন্তত ২৫৪ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে আল জাজিরা।