টেকনাফ ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত
কক্সবাজারের টেকনাফের একটি ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে এক রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত হয়েছেন।
কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাওছার সিকদার আজ শুক্রবার বিকেলে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হাসান আহমেদ (৪৫) ওরফে 'কালা হাসান' টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা ছিলেন।
ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী 'সাদ্দাম গ্রুপের' সদস্যরা ওই ক্যাম্পে ঢুকে হাসানকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এপিবিএন অধিনায়ক কাওছার সিকদার বলেন, 'পূর্ব শত্রুতার জেরে তারা হাসান আহমেদকে গুলি করে। হাসানের বুকের ডান পাশে গুলি লাগে।'
ক্যাম্পের রোহিঙ্গারা হাসানকে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে, পথেই হাসান মারা যান বলে জানান তিনি।
গুলির ঘটনার পর 'সাদ্দাম গ্রুপের' সদস্যরা ব্লকের পশ্চিমে একটি পাহাড়ি এলাকায় পালিয়ে যায় বলেও তিনি জানান।
খবর পেয়ে নয়াপাড়া এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টেকনাফ মডেল থানায় জানায়।
এপিবিএন অধিনায়ক বলেন, 'নিহত হাসান আগে "জাকির বাহিনী" নামক একটি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ৩টি অস্ত্র মামলা, দুটি ডাকাতি প্রস্তুতি মামলা ও দুটি অপহরণ মামলা আদালতে বিচারাধীন।'
জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।