চোটে ম্যানচেস্টার ডার্বি থেকে ছিটকে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

শহর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে বিরাট দুসংবাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। হাইভোল্টেজ লড়াইয়ে তারা পাচ্ছে না দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে। চোটের কারণে ম্যানচেস্টার ডার্বি থেকে ছিটকে গেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী পর্তুগালের এই ফরোয়ার্ড।

আমেরিকান গণমাধ্যম দ্য অ্যাথলেটিক তাদের এক প্রতিবেদনে রোনালদোর চোটে পড়ার খবর জানিয়েছে। তবে চোটের ব্যাপারে বিস্তারিত জানায়নি তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ইউনাইটেড ও সিটি। খেলাটি অনুষ্ঠিত হবে সিটিজেনদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি। চলতি মৌসুমেও পেপ গার্দিওলার শিষ্যরা রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। দলটির অর্জন ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট। তাদের বিপক্ষে সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদোকে না পাওয়া নিঃসন্দেহে একটি বড় ধাক্কা ইউনাইটেডের জন্য।

২৭ ম্যাচে রেড ডেভিলদের অর্জন ৪৭ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট তালিকার চার নম্বরে। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের সর্বোচ্চ গোলদাতা হলেন ৩৭ বছর বয়সী রোনালদো। ৩০ ম্যাচে তিনি করেছেন ১৫ গোল। কিন্তু গোলগুলোর মোটে একটি এসেছে ২০২২ সালে।

ইউনাইটেডে ফেরার পর শুরুটা দুর্দান্ত হলেও মৌসুমের মাঝপথে খেই হারিয়েছেন রোনালদো। গোল করতেই যেন ভুলে গেছেন! সবশেষ ১০ ম্যাচে কেবল একবার লক্ষ্যভেদ করেছেন তিনি। সেই গোলটি পেয়েছিলেন গত ১৬ ফেব্রুয়ারি। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে দূরপ্ললার নজরকাড়া শটে জাল কাঁপিয়েছিলেন সিআর সেভেন।

রোনালদোর কাছ থেকে প্রত্যাশিত সংখ্যক গোল না পাওয়ার প্রভাব পড়েছে ইউনাইটেডের গত কয়েক মাসের পারফরম্যান্সে। সবশেষ ১২ ম্যাচে তারা করেছে মাত্র ১৭ গোল।

রোনালদোর অনুপস্থিতিতে সেন্টার-ফরোয়ার্ড পজিশনে ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ রালফ রাংনিককে নির্ভর করতে হবে ইংল্যান্ডের মার্কাস র‍্যাশফোর্ডের ওপর। কারণ, দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুসারে, উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার এদিনসন কাভানিও সিটির বিপক্ষে স্কোয়াডে থাকছেন না।

রোনালদোর মতো র‍্যাশফোর্ডও ভুগছেন গোলখরায়। তার সবশেষ গোলটি এসেছিল গত ২২ জানুয়ারি ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে। ওই ম্যাচে ১-০ ব্যবধানে জিতেছিল ম্যান ইউনাইটেডের।