'বিশ্বের সেরা' ক্লাবের হয়ে ৩০০ গোল করে গর্বিত বেনজেমা

স্পোর্টস ডেস্ক

আক্রমণের বন্যা বইয়ে দিয়েও গোল পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। অবশেষে বিরতির কিছুক্ষণ আগে অচলাবস্থা ভাঙলেন করিম বেনজেমা। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে রিয়ালের জার্সিতে ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি। শেষদিকে আরও একবার নিশানা ভেদ করা এই ফরাসি স্ট্রাইকারের কণ্ঠে ম্যাচের পর ঝরল তীব্র উচ্ছ্বাস।

লা লিগায় আগের রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল। বেনজেমার পাশাপাশি জোড়া গোল করেন করোনাভাইরাস থেকে সেরে উঠে মাঠে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। অতিথিদের পক্ষে একমাত্র গোলটি করেন গনসালো গেদেস। তার স্পট-কিক রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া রুখে দেওয়ার পর ফিরতি প্রচেষ্টায় বল জালে পাঠান তিনি।

রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮৪ ম্যাচে বেনজেমার গোল এখন ৩০১টি। স্পেনের সবচেয়ে সফল ক্লাবটির পক্ষে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করা চতুর্থ খেলোয়াড় তিনি। তার আগে এই কীর্তি গড়েছেন আলফ্রেদো দি স্তেফানো, রাউল গঞ্জালেজ ও ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা রোনালদো ৪৫০ গোল নিয়ে আছেন সবার উপরে। তালিকার দুইয়ে থাকা সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড রাউল করেছেন ৩২৩ গোল। তিনে অবস্থান করা আর্জেন্টাইন কিংবদন্তি দি স্তেফানোর নামের পাশে রয়েছে ৩০৮ গোল।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর বেনজেমার হাতে স্মারক জার্সি তুলে দেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। পরে ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলার জানান, 'এই ক্লাবের পক্ষে এই পরিসংখ্যানে (৩০০ গোলের মাইলফলক) পৌঁছাতে পেরে আমি গর্বিত। এটা আমাকে সত্যিই খুশি করেছে। কারণ, আমার কাছে এই ক্লাবটি বিশ্বের সেরা।'

২০০৯ সালে স্বদেশি ক্লাব মোনাকো ছেড়ে রিয়ালে পাড়ি জমান বেনজেমা। লস ব্লাঙ্কোসদের পক্ষে লা লিগায় ৪০৩ ম্যাচে ২০৯ গোল, কোপা দেল রেতে ৪৪ ম্যাচে ২১ গোল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১১৬ ম্যাচে ৬৪ গোল ও অন্যান্য প্রতিযোগিতায় ২১ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। ২০১৮ সালে রোনালদো রিয়াল ছাড়ার পর থেকে তিনিই হয়ে উঠেছেন দলটির আক্রমণভাগের তুরুপের তাস।

উল্লেখ্য, ২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল। দুই ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে সেভিয়া। নয় নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ২০ ম্যাচে ২৮।