রামোসকে ড্রেসিং রুমে দেখে শুরুতে অদ্ভুত লেগেছিল মেসির
একবার দুইবার নয়, এক এল ক্লাসিকোতেই দুই তারকা মুখোমুখি হয়েছেন ৪৩ বার। এছাড়া জাতীয় দলের লড়াই তো রয়েছেই। এমনকি হাতাহাতির ঘটনাও রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মধ্যে। কিন্তু সময়ের মারপ্যাঁচে এখন তারা সতীর্থ। স্বাভাবিকভাবেই ড্রেসিং রুমে সের্জিও রামোসকে দেখে শুরুতে কিছুটা অদ্ভুত লেগেছিল লিওনেল মেসির।
২০০৫ সালে এল ক্লাসিকোতে অভিষেক হয় মেসির। তবে রামোসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার শুরু ২০০৬ সাল থেকে। এর আগের বছরই সেভিয়া থেকে রিয়ালে নাম লেখান রামোস। আর ২০০৭ সালে একই ম্যাচে এল ক্লাসিকোতে নিজেদের প্রথম গোল পান এ দুই তারকা। রাইভাল হিসেবে পথ চলা শুরু তখন থেকেই।
কিন্তু চলতি মৌসুমের শুরুতে বদলে যায় সব কিছু। দুইজনকে ছাড়তে হয় তাদের প্রিয় ক্লাব। দুইজনই থাকতে চেয়েছিলেন। কিন্তু একজনের বাধা হয়ে দাঁড়ায় লা লিগা, আরেক জনের পথে বোর্ড প্রেসিডেন্ট। তাতেই দুইজনের ভাগ্য গাঁথা হয় এক সুতোতে। ফ্রান্সের ক্লাব পিএসজিতে এখন তারা সতীর্থ।
স্বাভাবিকভাবেই দুই রাইভালের সতীর্থ হওয়ার বিষয়টিতে বেশ আগ্রহ সমর্থকদের। সম্প্রতি মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হয় মেসিকে। সে প্রশ্নের উত্তরে মেসি বলেন, 'এখন কিছুই নয়, তবে শুরুতে কিছুটা অদ্ভুত লেগেছিল।অনেক বছর আমরা রাইভাল ছিলাম, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অধিনায়কও ছিলাম, অনেক ক্লাসিকো ম্যাচ, মাঠে একে অপরের বিরুদ্ধে অনেক লড়াইয়ের পরে এটি অদ্ভুত ছিল।'
তবে সব কিছু ভুলে এখন দুই জন একই লক্ষ্যে ছুটছেন বলে জানান মেসি, 'সবকিছুই এখন অতীত এবং ক্লাসিকোতে আমরা যতই প্রতিদ্বন্দ্বী ছিলাম না কেন, সবসময় আমরা একে অপরকে অনেক সম্মান করেছি। এখন তাকে একজন সতীর্থ হিসেবে পাওয়া দারুণ ব্যাপার। ধীরে ধীরে সে দ্রুত গতিতে ফিরে আসছে এবং আশা করি সে যত তাড়াতাড়ি সম্ভব খেলবে কারণ সে আমাদের মূল লক্ষ্যে লড়াই করার জন্য সে একজন মৌলিক খেলোয়াড় হতে চলেছে।'
স্পেনে একই লিগে খেলার কারণে রামোস সম্পর্কে ধারণাটা আগেই ছিল মেসির। তবে ফ্রান্সে এক সঙ্গে বেশি সময় কাটিয়ে রামোসে মুগ্ধ মেসি, 'আমি তাকে আগে থেকেই চিনতাম। এটা সত্য যে আমরা হয়তো লম্বা সময়ে ধরে কথা বলিনি, কিন্তু আমরা বহু বছর ধরে লা লিগায় একই পথ অতিক্রম করেছি এবং একাধিকবার কথা বলেছি। আমার এরমধ্যেই একটা ধারণা ছিল সে কেমন। আমার সাবেক অনেক সতীর্থ স্প্যানিশ জাতীয় দলে তার সঙ্গে ছিল, তাই আমি তাকে আগে থেকেই চিনতাম। এবং এখন প্যারিসে একসঙ্গে অনেক সময় কাটিয়ে আমি বুঝতে পেরেছি সে দারুণ একজন মানুষ।'
পিএসজিতে যোগ দেওয়ার পর ইনজুরির কারণে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি রামোস। তবে সাম্প্রতিক সময়ে ইনজুরি কাটিয়ে পুরো দমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। অপেক্ষা করছেন নতুন অভিষেকের। ইনজুরির কারণে পিএসজিতে অভিষেকটা দেরি হয় মেসিরও। বেশ কিছু ম্যাচ মিস করেছেন তিনি।