হালান্ডের প্রশংসা করায় খেপেছেন লেভানদভস্কি, ছাড়তে পারেন বায়ার্ন!

স্পোর্টস ডেস্ক

'সে (হালান্ড) ৬০ ম্যাচে ৬০ গোল করেছে। আমাদের এর দিকে নজর দিতে হবে। অন্যথায় আমরা কেবল ভক্ত হয়েই থাকব।' -বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ তারকা আর্লিং হালান্ডকে নিয়ে এমনটাই বলেছিলেন বায়ার্ন মিউনিখের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিচ।

তবে তার এমন মন্তব্য পছন্দ হয়নি বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানদভস্কির। যে কারণে আগামী মৌসুমে বায়ার্ন ছাড়তে পারেন বলেই সংবাদ প্রকাশ করেছেন জার্মানির শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম বিল্ড।

বিশ্ব ফুটবলে উত্থানের পর থেকেই ছন্দে আছেন হালান্ড। কিন্তু কোনো অংশেই তার চেয়ে কম যান না লেভানদভস্কি। বায়ার্নের বহু জয়ের নায়ক তিনি। এক মৌসুমে আগেও বায়ার্নের ট্রেবল জয়ের মূল কারিগর ছিলেন তিনি। গত মৌসুমে ব্যালন ডি'অর দেওয়া বাতিল না হলে হয়তো তার হাতেই উঠত এ পুরষ্কার।

চলতি মৌসুমেও অসাধারণ ছন্দে আছেন লেভা। এ মৌসুমে ইতোমধ্যেই তার গোল সংখ্যা ১৩টি। যা ইউরোপে সর্বোচ্চ। তার মতো একজন ফরোয়ার্ড থাকা সত্ত্বেও ক্লাবের অন্য খেলোয়াড়ের দিকে নজর দেওয়াটা নিজের জন্য অপমানজনক বলেই মনে করছেন এ পোলিশ তারকা।

সংবাদ অনুযায়ী, আগামী গ্রীষ্মেই দল ছাতে পারেন লেভা। এমনিতেই ২০২৩ সালে চুক্তির মেয়াদ ফুঁড়বে তার। তার চুক্তি নবায়ন নিয়ে কাজ করছে বায়ার্ন। তবে বুন্ডেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়নের খুব একটা ইচ্ছে নেই তা মৌসুমের শুরুতেই জানিয়েছিলেন তিনি। নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী। তবে সাম্প্রতিক সময়ে অন্য খেলোয়াড়দের নিয়ে প্রকাশ্যে কথা বলায় হয়তো নিজের এ সিদ্ধান্তটা আরও দৃঢ় হতে পারে।

বিল্ড আরও জানিয়েছে, অন্যদিকে লেভাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছেই নেই বায়ার্নের। এ নিয়ে তার মুখপাত্র জাহাভির সঙ্গে আলোচনাও হয়েছে। যদিও সে আলোচনা ফলপ্রসূ হয়নি। তবে খুব শীগগিরই নতুন প্রস্তাব দেবে বায়ার্ন। সে প্রস্তাব না মানলে আগামী গ্রীষ্মে তাকে বিক্রি দিতে পারে ক্লাবটি।